ঐতিহ্য ও সাফল্যে ৬০ বছরে বাজুস

দেশের পণ্যভিত্তিক বৃহত্তম ও ঐতিহ্যবাহী বাণিজ্য সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ১৭ জুলাই ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করতে যাচ্ছে। ১৯৬৬ সালের এই দিনে রাজধানী ঢাকায় কিছু স্বর্ণ ব্যবসায়ী একত্রিত হয়ে সংগঠনটি প্রতিষ্ঠা করেন। এরপর থেকে দীর্ঘ পথপরিক্রমায় বাজুস দেশের স্বর্ণ ব্যবসায়ীদের অন্যতম বৃহৎ সংগঠনে রূপ নেয়।

প্রতিষ্ঠার ৫৯ বছর পূর্ণ করে ৬০ বছরে পদার্পণকে এবার বাজুস উদযাপন করছে বর্ণাঢ্য আয়োজনে। এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— “ঐতিহ্য ও সাফল্যের পথ চলায় বাজুস।’’

বাজুস সূত্রে জানা গেছে, সংগঠনের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীসহ দেশের ৬৪টি জেলা ও ৪৯১টি উপজেলায় একযোগে উদযাপন কার্যক্রম চলছে। আয়োজনের মধ্যে রয়েছে— বর্ণাঢ্য শোভাযাত্রা, কেক কাটা, দর্শনীয় স্থানে ব্যানার ও পোস্টার প্রদর্শন, আলোকসজ্জা, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।

বাজুস প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীর ও সাধারণ সম্পাদক বাদল চন্দ্র রায় এক যৌথ শুভেচ্ছা বার্তায় সারা দেশের জুয়েলারি মালিক, কর্মী ও গ্রাহকদের প্রতি প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন। তারা বলেন, দেশের স্বর্ণ শিল্পের গৌরবোজ্জ্বল ইতিহাস ও অর্থনীতিতে এর অবদানের কথা স্মরণ করেই এবারের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হচ্ছে।

বাজুসের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির চেয়ারম্যান ও সংগঠনের সাবেক সভাপতি এম. এ. ওয়াদুদ খান বলেন, “দেশে জুয়েলারি খাতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ৪৪ লাখ মানুষ জড়িত। সরকারের উপযুক্ত নীতি সহায়তা, উৎসাহ ও কর প্রণোদনা পেলে এ খাত ভবিষ্যতে তৈরি পোশাক শিল্পের মতো দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।”

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, ‘‘প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী দিনে জুয়েলারি শিল্পের উন্নয়ন, আধুনিকীকরণ এবং বৈশ্বিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বাজুস আরও কার্যকর পরিকল্পনা বাস্তবায়ন করবে।’’