ট্রাফিক সার্জেন্টকে গালিগালাজ, কর কর্মকর্তা বরখাস্ত

ঢাকার পলাশী মোড়ে দায়িত্বে থাকা এক ট্রাফিক সার্জেন্টকে অকথ্য ভাষায় গালিগালাজ করায় সহকারী কর কমিশনার ফাতেমা বেগমকে সাময়িকভাবে বরখাস্ত করেছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি)।

রবিবার (১০ আগস্ট) অভ্যন্তরীণ সম্পদ বিভাগ তথা আইআরডি থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়। আইআরডি সচিব ও এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খানের সই করা ওই আদেশে বলা হয়েছে, ফাতেমা বেগম কর অঞ্চল-২৫ এর কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

ঘটনাটি ঘটেছে গত ১২ এপ্রিল রাত আনুমানিক ৮টার দিকে। আদেশ অনুযায়ী, সেদিন ফাতেমা বেগম ঢাকা মেট্রো-গ ৩৪-৫৯০৬ নম্বর প্রাইভেট কারে পলাশী মোড়ে অবস্থান করছিলেন। সেখানে দায়িত্বে থাকা ট্রাফিক সার্জেন্ট শাহা জামাল গাড়ির কাগজপত্র প্রদর্শনের অনুরোধ জানান। কিন্তু ফাতেমা বেগম কাগজপত্র ঠিক আছে বলে দাবি করলেও তা দেখাতে অপারগতা প্রকাশ করেন।

ট্রাফিক সার্জেন্ট পুনরায় কাগজপত্র দেখতে চাইলে ফাতেমা বেগম গাড়ি থেকে নেমে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। অভিযোগে উল্লেখ আছে, তিনি সার্জেন্টকে ‘ছোটলোকের বাচ্চা’, ‘ফকিন্নির বাচ্চা’, ‘সারা জীবন ঘুষ খাইছে’— এ ধরনের অশালীন মন্তব্য করেন।

এ ঘটনায় সার্জেন্ট শাহা জামাল লালবাগ থানায় ফাতেমা বেগমের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরে আইআরডি মনে করে, তার এ আচরণ সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালার বিধি ৩ (খ) অনুযায়ী অসদাচরণের শামিল।

ফলে তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক কার্যধারা শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয় এবং বিধি অনুসারে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। বরখাস্তকালীন সময়ে তিনি বিধি অনুযায়ী খোরপোশ ভাতা পাবেন।