বাংলাদেশে প্রবাসী আয়ে চলতি অর্থবছরের শুরু থেকে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা যাচ্ছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, চলতি আগস্ট মাসের প্রথম ১২ দিনে (১-১২ আগস্ট) বৈদেশিক মুদ্রা হিসেবে দেশে এসেছে ১ হাজার ৫৪ মিলিয়ন (১০৫৪ মিলিয়ন) মার্কিন ডলার। গত বছরের একই সময়ে এই অঙ্ক ছিল ৭২১ মিলিয়ন ডলার। অর্থাৎ, এক বছরে প্রবাসী আয়ের প্রবৃদ্ধি হয়েছে ৪৬ দশমিক ২ শতাংশ।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী— শুধু ১২ আগস্ট একদিনেই দেশে এসেছে ১০০ মিলিয়ন মার্কিন ডলার।
এছাড়া, চলতি অর্থবছরের জুলাই থেকে ১২ আগস্ট পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ৩ হাজার ৫৩২ মিলিয়ন মার্কিন ডলার, যা গত অর্থবছরের একই সময়ে (জুলাই ২০২৪ থেকে ১২ আগস্ট ২০২৪) ছিল ২ হাজার ৬৩৫ মিলিয়ন ডলার। ফলে ২০২৫-২৬ অর্থবছরের এ সময়ে প্রবাসী আয়ে প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৩৪ শতাংশ।
বিশ্লেষকদের মতে, হুন্ডি নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ, প্রণোদনা সুবিধা এবং বৈধ চ্যানেলের মাধ্যমে অর্থ প্রেরণে উৎসাহ দেওয়ায় প্রবাসী আয় বৃদ্ধির এই ধারা অব্যাহত রয়েছে।