বাংলাদেশ ব্যাংক আরও ২২৩ মিলিয়ন ডলার কিনলো

দেশের বৈদেশিক মুদ্রাবাজারে স্থিতিশীলতা বজায় রাখতে এবং টাকার অবমূল্যায়নের চাপ কমাতে আরও ২২৩ মিলিয়ন মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার (৬ জানুয়ারি) ১৪টি বাণিজ্যিক ব্যাংক থেকে নিলামের মাধ্যমে এ ডলার কেনা হয়।

এক বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় ব্যাংক জানায়, প্রতি ডলার ১২২ টাকা ৩০ পয়সা দরে ডলার কেনা হয়েছে, যা কাট-অফ রেট হিসেবেও কার্যকর ছিল।

এতে আরও বলা হয়, ডলারের বিপরীতে টাকার অতিরিক্ত অবমূল্যায়ন ঠেকানো, রেমিট্যান্স ও রফতানি খাতে গতি ধরে রাখা এবং বৈদেশিক মুদ্রার বাজারে আস্থা বজায় রাখতেই ক্রয় কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, “মঙ্গলবার ১৪টি বাণিজ্যিক ব্যাংক থেকে মোট ২২৩ দশমিক ৫০ মিলিয়ন (২২ কোটি ৩৫ লাখ) মার্কিন ডলার কেনা হয়েছে। এর ফলে নতুন বছরের (২০২৬ সাল) জানুয়ারি মাসেই এখন পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকের ডলার ক্রয় দাঁড়িয়েছে ৪১১ মিলিয়ন মার্কিন ডলারে।”

তিনি আরও জানান, চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ছয় মাসে, অর্থাৎ জুলাই থেকে ৬ জানুয়ারি পর্যন্ত বাংলাদেশ ব্যাংক মোট তিন হাজার ৫৪৬ দশমিক ৫০ মিলিয়ন মার্কিন ডলার কিনেছে।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক মাসগুলোতে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি ও আমদানি চাপ কিছুটা কমে আসায় বাজারে ডলারের সরবরাহ তুলনামূলক ভালো। সেই সুযোগে বাংলাদেশ ব্যাংক বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে এ ধরনের ডলার ক্রয় অব্যাহত রেখেছে।