বেসরকারি খাতই অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রধান চালিকাশক্তি: আমির খসরু

দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রধান চালিকাশক্তি হিসেবে বেসরকারি খাতকে উল্লেখ করে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সরকার ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ ও শিল্পখাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। 

রবিবার (৮ মার্চ) বাংলাদেশ সচিবালয়ে অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর কার্যালয়ে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদ সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এসব কথা বলেন তিনি। 

অর্থমন্ত্রী বলেন, “পুঁজিবাজারকে আরও গতিশীল ও কার্যকর করা এবং কেন্দ্রীয় ব্যাংককে বেসরকারি খাতমুখী করতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে। একই সঙ্গে বেসরকারি খাতে ঋণপ্রবাহ সহজ করা এবং বিনিয়োগ বাড়াতে ঋণ সরবরাহ বৃদ্ধি করা সরকারের অন্যতম অগ্রাধিকার।” 

সাক্ষাৎকালে তাসকীন আহমেদ বলেন, “দেশের বিনিয়োগ পরিবেশ উন্নত করতে ঋণের সুদের হার কমিয়ে আনা প্রয়োজন।” একই সঙ্গে বেসরকারি খাতে বিনিয়োগ বাড়াতে নীতি সুদের হার ধীরে ধীরে কমানোর প্রস্তাব দেন তিনি। 

তিনি আরও বলেন, “প্রকৃত বা অনিচ্ছাকৃত ঋণখেলাপিদের জন্য ঋণ পুনঃতফসিল সুবিধা পুনর্বিবেচনা করা এবং ঋণ শ্রেণিকরণের সময়সীমা বাড়ানো হলে অনেক ব্যবসা প্রতিষ্ঠান টিকে থাকতে পারবে। 

ডিসিসিআই সভাপতি বলেন, “মুদ্রানীতি, রাজস্বনীতি এবং কাঠামোগত সংস্কারের সমন্বিত প্রয়োগের মাধ্যমে বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধার করা সম্ভব। এতে আর্থিক খাতের স্থিতিশীলতা জোরদার হবে এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত হবে।”  

এ সময় ডিসিসিআইয়ের ঊর্ধ্বতন সহ-সভাপতি রাজিব এইচ চৌধুরী এবং সহ-সভাপতি মো. সালিম সোলায়মান উপস্থিত ছিলেন।