স্বর্ণের দামে পতন, ভরিতে কমলো কত?

দেশের বাজারে স্বর্ণের দাম কমেছে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৫ হাজার ৮১৮ টাকা।

সোমবার (৬ এপ্রিল ২০২৬) সকালে বাজুসের প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে তেজাবি স্বর্ণ ও রুপার (পিওর গোল্ড ও সিলভার) দাম কমায় দেশের বাজারেও স্বর্ণের নতুন দর নির্ধারণ করা হয়েছে।

বাজুস জানায়, আজ সকাল ৯টা ১৫ মিনিটে সংগঠনের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন দাম সোমবার সকাল ১০টা থেকে কার্যকর হয়।

নতুন দর অনুযায়ী ২২ ক্যারেট স্বর্ণ প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২ লাখ ৪৫ হাজার ৮১৮ টাকা; ২১ ক্যারেট স্বর্ণ প্রতি ভরি ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা; ১৮ ক্যারেট স্বর্ণ প্রতি ভরি ১ লাখ ৯৮ হাজার ৩৭৫ টাকা প্রায়; সনাতন পদ্ধতির স্বর্ণ প্রতি ভরি প্রায় ১ লাখ ৬৩ হাজার ৮০০ টাকা।

এর আগে, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের দাম ছিল ভরিতে ২ লাখ ৪৭ হাজার ৯৭৬ টাকা। সে হিসাবে নতুন দরে ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমেছে।

গ্রাম হিসেবে নতুন দরে ২২ ক্যারেট হলমার্ক করা স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২১ হাজার ৭৫ টাকা, ২১ ক্যারেট ২০ হাজার ১১৫ টাকা, ১৮ ক্যারেট ১৭ হাজার ২৪৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১৪ হাজার ৪৫ টাকা।

একইসঙ্গে রুপার দামও নির্ধারণ করেছে বাজুস। নতুন দরে ২২ ক্যারেট রুপা প্রতি গ্রাম ৪৭৫ টাকা; ২১ ক্যারেট রুপা প্রতি গ্রাম ৪৫৫ টাকা; ১৮ ক্যারেট রুপা প্রতি গ্রাম ৩৯০ টাকা।

বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি দোকানে এই দাম কার্যকর থাকবে। তবে স্বর্ণালংকার বিক্রির সময় সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ক্রেতার কাছ থেকে সংগ্রহ করে সরকারি কোষাগারে জমা দিতে হবে।