সাত দিনে রেমিট্যান্স এলো ৮২৩ মিলিয়ন ডলার

চলতি এপ্রিল মাসের প্রথম সাত দিনে দেশে প্রবাসী আয়ে (রেমিট্যান্স) উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা গেছে। চলতি মাসের প্রথম সাত দিনেই প্রবাসীরা পাঠিয়েছেন ৮২৩ মিলিয়ন বা ৮২ কোটি ৩০ লাখ মার্কিন ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ২৯ দশমিক পাঁচ শতাংশ বেশি।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যে জানা গেছে, ১ থেকে ৭ এপ্রিল পর্যন্ত প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৮২৩ মিলিয়ন ডলার। গত বছর অর্থাৎ, ২০২৫ সালের ১ থেকে ৭ এপ্রিল পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছিল ৬৩৬ মিলিয়ন ডলার। এর মানে দাঁড়ায় গত বছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্স বেশি এসেছে ১৮৭ মিলিয়ন বা ১৮ কোটি ৭০ লাখ ডলার।

চলতি ২০২৫-২৬ অর্থবছরের শুরু থেকে ৭ এপ্রিল পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ২৭ দশমিক শূন্য তিন বিলিয়ন ডলার। আগের অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ২২ দশমিক ৪২ বিলিয়ন ডলার। সে হিসাবে চলতি অর্থবছরে এখন পর্যন্ত প্রবাসী আয় ২০ দশমিক ছয় শতাংশ বৃদ্ধি পেয়েছে।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, প্রবাসীদের বৈধ চ্যানেলে অর্থ পাঠানোর প্রবণতা বৃদ্ধি এবং প্রণোদনা সুবিধা অব্যাহত থাকায় রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা বজায় রয়েছে। এর ফলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতেও রেমিট্যান্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।