জিডিপি তথ্যের স্বচ্ছতা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: জোনায়েদ সাকি

পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, দেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) সংক্রান্ত তথ্য উপস্থাপনে কোনও ধরনের ম্যানিপুলেশন বা কারচুপির সুযোগ নেই এবং থাকবে না। অতীতে জিডিপি তথ্য নিয়ে যে বিতর্ক ও বিভ্রান্তি তৈরি হয়েছে, তার প্রসঙ্গ টেনে তিনি বলেন, এখন সরকারের দায়িত্ব হলো নির্ভুল ও নির্ভরযোগ্য তথ্য জনগণের সামনে উপস্থাপন করা।

সোমবার (১৩ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) মিলনায়তনে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিবিএস-এর ন্যাশনাল অ্যাকাউন্টিং উইং বাস্তবায়নাধীন ‘ত্রৈমাসিক মোট দেশজ উৎপাদন (জিডিপি) এবং জেলাভিত্তিক মোট দেশজ উৎপাদন উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় এই সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, ‘দেশের অর্থনীতির টেকসই উন্নয়নের জন্য সঠিক ও নির্ভুল তথ্যের কোনও বিকল্প নেই। প্রতিটি খাতে যদি তথ্যের স্বচ্ছতা নিশ্চিত করা যায়, তাহলে তথ্যের দ্বৈততা দূর হবে এবং অপতথ্যও কমে আসবে।’

তিনি আরও বলেন, ‘বর্তমান সরকারের প্রধান অঙ্গীকার হলো তথ্য ও উপাত্তকে নির্ভরযোগ্যভাবে উপস্থাপন করা।’ প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশনার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, ‘তথ্য উপস্থাপনে কোনও ধরনের ম্যানিপুলেশন বা কারচুপি সহ্য করা হবে না।’

বিগত সরকারের সময়ে জিডিপি তথ্য নিয়ে ওঠা সমালোচনার প্রসঙ্গ টেনে সাকি বলেন, ‘আমরা অতীতে জিডিপি নিয়ে তথ্য বিভ্রাটের সমালোচনা করেছি। তাই এখন আমাদের দায়িত্ব সঠিক তথ্য জনগণের সামনে তুলে ধরা। তথ্যের নির্ভরযোগ্যতা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য।’

সেমিনারে সভাপতিত্ব করেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. ফরহাদ সিদ্দিক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব আলেয়া আক্তার এবং প্রকল্প পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিবিএস-এর পরিচালক মুহাম্মদ আতিকুল কবীর।

আলোচনায় বক্তারা জেলাভিত্তিক জিডিপি (ডিজিডিপি) এবং ত্রৈমাসিক জিডিপি (কিউজিডিপি) প্রণয়নের পদ্ধতিগত উন্নয়ন, তথ্য সংগ্রহের মানোন্নয়ন এবং নীতিনির্ধারণে এসব সূচকের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন।