‘ইসলামী ব্যাংকের চেয়ারম্যান খুরশীদ আলমকে সরানোর সম্ভাবনা নেই’

ইসলামী ব্যাংক বাংলাদেশের নবনিযুক্ত চেয়ারম্যান মো. খুরশীদ আলমকে তার পদ থেকে সরানোর কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। চলমান আন্দোলন বা বিক্ষোভ কর্মসূচির কারণে কেন্দ্রীয় ব্যাংক তার সিদ্ধান্ত পরিবর্তন করবে না বলেও স্পষ্ট করেছে প্রতিষ্ঠানটি।

সোমবার (১ জুন) এক প্রতিক্রিয়ায় বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, ‘‘আন্দোলনের সঙ্গে চেয়ারম্যান নিয়োগের কোনও সম্পর্ক নেই।’’

তিনি বলেন, “আজ যদি বাংলাদেশ ব্যাংক কোনও আন্দোলনের কারণে সিদ্ধান্ত নেয়, তাহলে পরবর্তীকালে যদি সেই সিদ্ধান্তের বিপক্ষে আরেকটি পক্ষ আন্দোলন করে, তখন কী হবে? বাংলাদেশ ব্যাংক তার নিজস্ব নীতিমালা ও প্রক্রিয়া অনুযায়ী চলবে। আন্দোলনের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্ত পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।”

এর আগে সোমবার (১ জুন) সকাল থেকে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ‘ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম’-এর ব্যানারে একদল গ্রাহক ও সমর্থক নতুন চেয়ারম্যান খুরশীদ আলমের নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন।

পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, এ সময় লাঠিচার্জ, জলকামান, টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়। এতে কয়েকজন গুলিবিদ্ধসহ বহু মানুষ আহত হয়েছেন বলে আন্দোলনকারীরা দাবি করেছেন। তবে আহতের সুনির্দিষ্ট সংখ্যা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

গত ২৪ মে রাতে বাংলাদেশ ব্যাংক সাবেক গভর্নর মো. খুরশীদ আলমকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়। একই দিন ব্যাংকের কিছু গ্রাহক ও কর্মকর্তা পরিচয়ে একদল ব্যক্তির আন্দোলনের মুখে অন্তর্বর্তী সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যান এম জুবাইদুর রহমান পদত্যাগ করেন। এছাড়া ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বর্তমানে দীর্ঘ ছুটিতে রয়েছেন।

এদিকে আন্দোলনরত গ্রাহকদের ওপর পুলিশের বলপ্রয়োগের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে বলেন, ‘‘ইসলামী ব্যাংকের সাধারণ গ্রাহকেরা শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি পালন করছিলেন। কিন্তু কোনও ধরনের উসকানি ছাড়াই তাদের ওপর পুলিশ বলপ্রয়োগ করেছে।’’

তিনি বলেন, ‘‘গ্রাহকদের ওপর লাঠিচার্জ, টিয়ারগ্যাস ও জলকামান ব্যবহারের ঘটনা দুঃখজনক এবং নিন্দনীয়।’’ একইসঙ্গে আন্দোলনকারীদের উত্থাপিত দাবির প্রতি তিনি সমর্থন জানান।

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতি এবং আন্দোলনকারীদের দাবি-দাওয়ার বিষয়ে রাজনৈতিক ও আর্থিক অঙ্গনে আলোচনা চললেও বাংলাদেশ ব্যাংক আপাতত তার অবস্থানে অনড় রয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের ভাষ্য অনুযায়ী, চেয়ারম্যান নিয়োগের সিদ্ধান্ত বহাল থাকবে এবং এ বিষয়ে কোনও পুনর্বিবেচনার সুযোগ নেই।