আল-আরাফাহ্ ব্যাংককে ঋণ আদায় ও সুশাসন নিশ্চিতের নির্দেশ

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের পুনর্গঠিত পরিচালনা পর্ষদকে ঋণ আদায় কার্যক্রম জোরদার, সুশাসন নিশ্চিত এবং পেশাদারত্বের সঙ্গে ব্যাংক পরিচালনার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একইসঙ্গে ব্যাংকটির কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি বজায় রাখার ওপরও গুরুত্বারোপ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে গভর্নর মোস্তাকুর রহমানের সঙ্গে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের পুনর্গঠিত পরিচালনা পর্ষদের এক বৈঠকে এসব নির্দেশনা দেওয়া হয়। বৈঠকে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ব্যাংকের পক্ষে চেয়ারম্যান বদিউর রহমান, নির্বাহী কমিটির (ইসি) চেয়ারম্যান সেলিম রহমানসহ আটজন পরিচালক অংশ নেন।

বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, ব্যাংকটির পুনর্গঠিত পরিচালনা পর্ষদে বর্তমানে উদ্যোক্তা শেয়ারধারীদের পাশাপাশি বাংলাদেশ ব্যাংক মনোনীত স্বতন্ত্র পরিচালক রয়েছেন। এছাড়া কেন্দ্রীয় ব্যাংকের একজন পর্যবেক্ষকও দায়িত্ব পালন করছেন। নতুন পর্ষদের সঙ্গে কার্যক্রমের অগ্রগতি ও ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা করতেই এ বৈঠকের আয়োজন করা হয়।

বৈঠক শেষে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান বদিউর রহমান বলেন, বাংলাদেশ ব্যাংক ব্যাংক কোম্পানি আইন ও বিদ্যমান বিধিবিধান মেনে প্রতিষ্ঠান পরিচালনার নির্দেশ দিয়েছে। বিশেষ করে খেলাপি ঋণ আদায় বাড়ানো, সুশাসন প্রতিষ্ঠা এবং পেশাদার ব্যবস্থাপনা নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়েছে।

তিনি জানান, পরিচালনা পর্ষদ সুশাসন প্রতিষ্ঠায় অগ্রাধিকার দিচ্ছে। অন্যদিকে নির্বাহী কমিটি ঋণ আদায় এবং নতুন বিনিয়োগের বিষয়গুলো তদারকি করছে। এছাড়া প্রতিটি গুরুত্বপূর্ণ কমিটিতে বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষক থাকায় কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি আরও জোরদার হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

গত ১৫ জুলাই বাংলাদেশ ব্যাংক আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে। এতে আগে নিয়োগ দেওয়া পাঁচজন স্বতন্ত্র পরিচালকের পাশাপাশি উদ্যোক্তা শেয়ারধারীদের মধ্য থেকে ১৪ জনকে অন্তর্ভুক্ত করা হয়। পরে নতুন পর্ষদ চেয়ারম্যান, নির্বাহী কমিটির চেয়ারম্যানসহ বিভিন্ন কমিটির প্রধান নির্বাচন করে।

উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের আমলে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এস আলম গ্রুপ ও কেডিএস গ্রুপের নিয়ন্ত্রণে ছিল। সে সময় ব্যাংকটির চেয়ারম্যান ছিলেন এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলমের ভাই আবদুস সালাম। ২০২৪ সালের আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর বাংলাদেশ ব্যাংক ওই পর্ষদ বাতিল করে পাঁচ সদস্যের স্বতন্ত্র পরিচালনা পর্ষদ নিয়োগ দেয়। প্রায় দুই বছর তাদের তত্ত্বাবধানে পরিচালিত হওয়ার পর সম্প্রতি পুনর্গঠিত পর্ষদের মাধ্যমে উদ্যোক্তা শেয়ারধারীদের প্রতিনিধিরা আবারও ব্যাংকটির পরিচালনায় যুক্ত হয়েছেন।