রিহ্যাবের বিরুদ্ধে ১২ অভিযোগ: নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিতর্কিত কার্যক্রম স্থগিতের নির্দেশ

রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর বিভিন্ন প্রশাসনিক ও আর্থিক কার্যক্রমে অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে শুনানির উদ্যোগ নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। সংগঠনটির বিরুদ্ধে উত্থাপিত ১২টি অভিযোগের বিষয়ে আগামী ৩০ জুলাই (বৃহস্পতিবার) দুপুর ১২টায় বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন অনুবিভাগে আনুষ্ঠানিক শুনানি অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (২৮ জুলাই) বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-২ শাখা থেকে জারি করা এক নোটিশে এ তথ্য জানানো হয়। সিনিয়র সহকারী সচিব (অতিরিক্ত দায়িত্ব) আশরাফুল ছিদ্দিকের সই করা ওই নোটিশে বলা হয়েছে, রিহ্যাবের সহ-সভাপতি-১ মোহাম্মদ আক্তার বিশ্বাসের ২৬ জুলাই দাখিল করা আবেদনের পরিপ্রেক্ষিতে এই শুনানির আয়োজন করা হয়েছে।

নোটিশ অনুযায়ী, শুনানিতে সভাপতিত্ব করবেন বাণিজ্য সংগঠন অনুবিভাগের মহাপরিচালক। সভাটি বাংলাদেশ সচিবালয়ে মহাপরিচালকের কার্যালয়ে অনুষ্ঠিত হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, অভিযোগগুলো নিষ্পত্তি না হওয়া পর্যন্ত যেসব কার্যক্রম নিয়ে বিরোধ সৃষ্টি হয়েছে, সেগুলো বন্ধ রাখার জন্য রিহ্যাবের সভাপতিকে নির্দেশ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

যেসব অভিযোগের শুনানি হবে

বাণিজ্য মন্ত্রণালয়ের নোটিশে রিহ্যাবের বিরুদ্ধে মোট ১২টি অভিযোগ উল্লেখ করা হয়েছে। এর মধ্যে রয়েছে— পরিচালনা পর্ষদের অনুমোদন ছাড়াই রিহ্যাবের তহবিল থেকে প্রায় ২ কোটি টাকা ব্যয়ের অভিযোগ। রিহ্যাবের বিভিন্ন স্ট্যান্ডিং কমিটি ও অন্যান্য কমিটি গঠনে অনিয়ম। বার্ষিক সাধারণ সভা (এজিএম)-এর স্থান ও তারিখ নির্ধারণ এবং উত্তরা রিহ্যাব সেন্টারের জমিতে রিহ্যাব ভবন উদ্বোধন নিয়ে সিদ্ধান্ত গ্রহণ। কর্মকর্তা-কর্মচারী নিয়োগ ও চাকরিচ্যুতিতে অনিয়মের অভিযোগ। সংগঠনের গোপনীয় তথ্য প্রকাশ। রিহ্যাব সামার ফেয়ার-২০২৬ আয়োজন নিয়ে প্রশ্ন। ক্রয়সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটি বিলুপ্ত করা। সরকারি পর্যায়ে বৈঠক ও প্রতিনিধিত্বের বিষয়ে আপত্তি। সভাপতির পক্ষাবলম্বন করে একজন পরিচালকের সঙ্গে অসদাচরণের অভিযোগ। মেম্বারশিপ ডেভেলপমেন্ট স্ট্যান্ডিং কমিটিতে পরিচালকদের অন্তর্ভুক্ত না করা। সিনিয়র সহ-সভাপতির অনুপস্থিতিতে সহ-সভাপতি-১-কে দায়িত্ব প্রদান না করা। পরিচালনা পর্ষদের সভা আহ্বান ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া নিয়ে অভিযোগ। প্রয়োজনীয় নথিপত্রসহ উপস্থিত থাকার নির্দেশ।

শুনানিতে সংশ্লিষ্ট সব পক্ষকে প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্রসহ যথাসময়ে উপস্থিত থাকতে বলা হয়েছে।

এ বিষয়ে রিহ্যাবের সভাপতি, সহ-সভাপতি-১ এবং সংগঠনের অফিস সচিবকে শুনানিতে অংশ নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। পাশাপাশি একজন করে প্রতিনিধি পাঠাতে বলা হয়েছে এফবিসিসিআই এবং যৌথমূলধন কোম্পানি ও ফার্মসমূহের নিবন্ধকের দফতরকে। এ ছাড়া শুনানি নির্বিঘ্নে আয়োজনের জন্য সচিবালয়ে আমন্ত্রিত প্রতিনিধিদের প্রবেশের ব্যবস্থা করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখাকে অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে সভায় অংশগ্রহণকারী অতিথিদের আপ্যায়নের প্রয়োজনীয় ব্যবস্থাও গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, শুনানিতে উভয় পক্ষের বক্তব্য, উপস্থাপিত নথি ও সংশ্লিষ্ট তথ্য-প্রমাণ পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।