নীতি সুদহার কমলো, রেপো রেট এখন ৯.৫০ শতাংশ

মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগের ধীরগতি, বেসরকারি খাতে ঋণ প্রবাহ, কর্মসংস্থান, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং বৈদেশিক লেনদেনের সার্বিক পরিস্থিতি বিবেচনায় নীতি সুদহার (রেপো রেট) ৫০ বেসিস পয়েন্ট কমিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে নীতি সুদহার ১০ শতাংশ থেকে কমে ৯ দশমিক ৫০ শতাংশে নেমে এসেছে। একই সঙ্গে স্ট্যান্ডিং লেন্ডিং ফ্যাসিলিটি (এসএলএফ) সুদহারও ১১ দশমিক ৫০ শতাংশ থেকে কমিয়ে ১১ শতাংশ নির্ধারণ করা হয়েছে। তবে স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি (এসডিএফ) সুদহার ৭ দশমিক ৫০ শতাংশে অপরিবর্তিত রাখা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বাংলাদেশ ব্যাংকের মনিটারি পলিসি কমিটির (এমপিসি) ১৩তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। অর্থবছর ২০২৬-২৭-এর প্রথম এ সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও এমপিসির চেয়ারম্যান মো. মোস্তাকুর রহমান এফসিএমএ। সভাটি বাংলাদেশ ব্যাংকের বোর্ডরুমে অনুষ্ঠিত হয়।

সভায় ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান, আইএনএমের নির্বাহী পরিচালক ড. মুস্তফা কামাল মুজেরী, বিআইডিএসের মহাপরিচালক ড. এ কে এনামুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ড. ফিরদৌসি নাহার, বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ড. মোহাম্মদ আক্তার হোসেন এবং নির্বাহী পরিচালক ড. ইমাম আবু সাঈদ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ব্যাংক জানায়, সভায় দেশের পাশাপাশি বৈশ্বিক অর্থনীতির সাম্প্রতিক পরিস্থিতি, মূল্যস্ফীতির প্রবণতা, দেশীয় বিনিয়োগ, বেসরকারি খাতে ঋণ প্রবাহ, কর্মসংস্থান, অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি এবং আন্তর্জাতিক লেনদেন ভারসাম্য নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। এসব সূচকের সামগ্রিক মূল্যায়নের ভিত্তিতে নীতি সুদহার কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মুদ্রানীতির প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহৃত রেপো রেট ৫০ বেসিস পয়েন্ট কমিয়ে ৯ দশমিক ৫০ শতাংশ নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে সুদহার করিডোরের ঊর্ধ্বসীমা হিসেবে ব্যবহৃত এসএলএফ রেটও ৫০ বেসিস পয়েন্ট কমিয়ে ১১ শতাংশ করা হয়েছে। তবে সুদহার করিডোরের নিম্নসীমা হিসেবে বিবেচিত এসডিএফ রেট আগের মতোই ৭ দশমিক ৫০ শতাংশে বহাল থাকবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নীতি সুদহার ও সংশ্লিষ্ট সুদহারের এ নতুন হার আগামী ২ আগস্ট ২০২৬ থেকে কার্যকর হবে।