জনতা ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. মজিবর রহমান এবং রূপালী ব্যাংকের এমডি কাজী মো. ওয়াহিদুল ইসলামের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের বিষয়ে পৃথক দুটি চিঠিতে সম্মতি দিয়েছে সরকার। এ বিষয়ে প্রয়োজনীয় বিধিগত কার্যক্রম গ্রহণ করতে ব্যাংকটির পরিচালনা পর্ষদকে নির্দেশ দিয়েছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।
সোমবার (১৯ অক্টোবর) আর্থিক প্রতিষ্ঠান বিভাগের রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক-১ শাখা থেকে জারি করা এক চিঠিতে সরকারের এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
চিঠিতে বলা হয়েছে, জনতা ব্যাংকের পরিচালনা পর্ষদের সঙ্গে মো. মজিবর রহমানের সম্পাদিত চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের জন্য সরকারের সুপারিশ ও সম্মতি দেওয়া হয়েছে। ব্যাংক কোম্পানি আইন এবং পরিচালনা পর্ষদের সঙ্গে সম্পাদিত চুক্তিপত্র অনুযায়ী এ বিষয়ে পরবর্তী বিধিগত কার্যক্রম গ্রহণ করতে নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।
আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব আফরোজা আক্তার রিবা স্বাক্ষরিত চিঠিটি জনতা ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যানের কাছে পাঠানো হয়েছে।
এ ছাড়া রূপালী ব্যাংকের পরিচালনা পর্ষদের সঙ্গে কাজী মো. ওয়াহিদুল ইসলামের সম্পাদিত চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের জন্য সরকারের সুপারিশ ও সম্মতি দেওয়া হয়েছে।