সাইবার হামলার শিকার হয়নি জনতা ব্যাংকের সার্ভার, দাবি কর্তৃপক্ষের

জনতা ব্যাংকের মূল সার্ভার হ্যাক বা সাইবার হামলার শিকার হয়নি বলে দাবি করেছে ব্যাংক কর্তৃপক্ষ। নিরাপত্তার স্বার্থে সরকারি ছুটির দিনগুলোতে ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ রেখে পরে পুনরায় চালু করা হচ্ছে বলে জানিয়েছে ব্যাংকটি।

রবিবার (২৫ অক্টোবর) জনতা ব্যাংক পিএলসির জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক ‘স্পষ্টীকরণ ও প্রতিবাদলিপিতে’ এ তথ্য জানানো হয়।

প্রতিবাদলিপিতে বলা হয়, বিভিন্ন সংবাদমাধ্যমে ‘সাইবার হামলার শিকার জনতা ব্যাংকের ওয়েবসাইট’ শিরোনামে প্রকাশিত সংবাদে ব্যাংকের মূল সার্ভার হ্যাক বা সাইবার হামলার শিকার হওয়ার বিষয়ে বিভ্রান্তিকর তথ্য দেওয়া হয়েছে। এ ধরনের কোনও ঘটনা ঘটেনি দাবি করে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।

ব্যাংক কর্তৃপক্ষ জানায়, বিশ্বজুড়ে বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা পিএইচপিতে দুটি গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ার পর ইউরোপীয় ইউনিয়নের সাইবার নিরাপত্তা সংস্থা এনিসা ও আন্তর্জাতিক সংস্থাগুলোর যৌথ সতর্কবার্তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংকসহ দেশের প্রধান প্রধান আর্থিক প্রতিষ্ঠান বাড়তি নিরাপত্তামূলক পদক্ষেপ নেয়।

এরই অংশ হিসেবে গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) থেকে সরকারি ছুটির দিনগুলোতে জনতা ব্যাংকের ওয়েবসাইট সাধারণ ব্যবহারকারীদের জন্য সাময়িকভাবে বন্ধ রাখা হচ্ছে। পরে ওয়েবসাইটটি পুনরায় চালু করা হচ্ছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।