বাংলা কিউআর দিয়ে ব্যক্তি থেকে ব্যক্তি টাকা পাঠানো যাবে

নিজের মোবাইল ব্যাংকিং বা ব্যাংক হিসাব থেকে অন্যের হিসাবে টাকা পাঠাতে এখন থেকে আর প্রাপকের মোবাইল নম্বর কিংবা হিসাব নম্বর টাইপ করতে হবে না। বাংলা কিউআর কোড স্ক্যান করেই একজন ব্যক্তি অন্য ব্যক্তিকে টাকা পাঠাতে পারবেন। এ সুবিধা চালু করেছে বাংলাদেশ ব্যাংক। 

রবিবার (১ নভেম্বর) থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বাংলা কিউআরভিত্তিক ব্যক্তি থেকে ব্যক্তি বা পিটুপি লেনদেন সেবা। এর ফলে দেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় যুক্ত হলো নতুন একটি সেবা।

বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে চালু হওয়া এ ব্যবস্থায় একজন গ্রাহক অন্য গ্রাহকের বাংলা কিউআর কোড স্ক্যান করে সহজেই অর্থ স্থানান্তর করতে পারবেন। এ ক্ষেত্রে প্রাপকের পরিচয় ও লেনদেনের প্রয়োজনীয় তথ্য যাচাই করে অর্থ পাঠানো যাবে।

সংশ্লিষ্ট উদ্যোগের লক্ষ্য হলো ব্যক্তিপর্যায়ের আর্থিক লেনদেন আরও সহজ, দ্রুত ও নিরাপদ করা। একই সঙ্গে নগদ টাকার ব্যবহার কমিয়ে ডিজিটাল লেনদেনের পরিধি বাড়ানো।

এত দিন বাংলা কিউআর মূলত দোকান, ব্যবসাপ্রতিষ্ঠান ও বিভিন্ন মার্চেন্ট পয়েন্টে ডিজিটাল পেমেন্টের জন্য ব্যবহৃত হয়ে আসছিল। নতুন পিটুপি সেবা চালুর ফলে ব্যক্তি থেকে ব্যক্তির মধ্যেও এই প্রযুক্তি ব্যবহার করে অর্থ স্থানান্তরের সুযোগ তৈরি হলো।

নতুন এ সেবায় টাকা পাঠানোর প্রক্রিয়া আরও সহজ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে দৈনন্দিন ছোটখাটো লেনদেন, ব্যক্তিগত দেনা-পাওনা কিংবা একে অন্যকে অর্থ পাঠানোর ক্ষেত্রে কিউআর কোড ব্যবহার করা যাবে।

ডিজিটাল লেনদেনের পরিধি বাড়ানো এবং সাধারণ মানুষের কাছে সহজে ব্যবহারযোগ্য পেমেন্ট ব্যবস্থা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে দেশের ক্যাশলেস লেনদেন ব্যবস্থার বিকাশে নতুন সম্ভাবনা তৈরি হবে।

বাংলাদেশ ব্যাংকের এ উদ্যোগকে ক্যাশলেস বাংলাদেশ গড়ার পথে আরেকটি পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।