পোশাকশিল্পের শ্রমিকদের জন্য সর্বনিম্ন মাসিক মজুরি ৩২ হাজার টাকা এবং সর্বোচ্চ ৪৮ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে শ্রমিকপক্ষ। একইসঙ্গে কারখানার শ্রমিক ব্যতীত অন্যান্য কর্মচারীর জন্য সর্বনিম্ন ৪০ হাজার থেকে সর্বোচ্চ ৫৫ হাজার টাকা পর্যন্ত মজুরি নির্ধারণের সুপারিশ করা হয়েছে।
নতুন মজুরি কাঠামোতে শ্রমিকদের চারটি গ্রেডে ভাগ করা হয়েছে। পাশাপাশি শিক্ষানবিশ শ্রমিকদের জন্য তিন মাসের পৃথক মজুরি নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে। এ সময়ে তাদের মাসিক মজুরি হবে ৩০ হাজার টাকা।
সোমবার (৯ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষের প্রতিনিধিরা এই প্রস্তাব উপস্থাপন করেন। প্রস্তাবে মূল বেতন, বাড়িভাড়া ও অন্যান্য ভাতা মিলিয়ে শ্রমিক ও কর্মচারীদের জন্য পৃথক মজুরি কাঠামো তুলে ধরা হয়েছে।
শ্রমিকদের কোন গ্রেডে কত মজুরি
প্রস্তাব অনুযায়ী, পোশাকশ্রমিকদের মধ্যে সর্বোচ্চ ৪৮ হাজার টাকা মজুরি পাবেন গ্রেড-১-এর সিনিয়র অপারেটররা। তাদের মূল বেতন প্রস্তাব করা হয়েছে ২৮ হাজার ৮০০ টাকা। এর সঙ্গে ১৪ হাজার ৪০০ টাকা বাড়িভাড়া এবং অন্যান্য ভাতা ৪ হাজার ৮০০ টাকা যোগ হয়ে মোট মজুরি দাঁড়াবে ৪৮ হাজার টাকা।
গ্রেড-২-এর শ্রমিকদের জন্য মোট মজুরি প্রস্তাব করা হয়েছে ৪৩ হাজার টাকা। এ গ্রেডে কারখানার বিভিন্ন ধরনের মেশিন পরিচালনা ও সংশ্লিষ্ট কাজ করা শ্রমিকরা থাকবেন। তাদের মূল বেতন ২৫ হাজার ৮০০ টাকা, বাড়িভাড়া ১২ হাজার ৯০০ টাকা এবং অন্যান্য ভাতা ৪ হাজার ৩০০ টাকা নির্ধারণের প্রস্তাব রয়েছে।
গ্রেড-৩-এর শ্রমিকদের জন্য প্রস্তাব করা হয়েছে ৩৮ হাজার টাকা। এ শ্রেণিতে জুনিয়র মেশিন অপারেটর ও বিভিন্ন ধরনের কাজ করা শ্রমিকরা থাকবেন। তাদের মূল বেতন ২২ হাজার ৮০০ টাকা, বাড়িভাড়া ১১ হাজার ৪০০ টাকা এবং অন্যান্য ভাতা ৩ হাজার ৮০০ টাকা।
অন্যদিকে গ্রেড-৪-এর হেলপার ও সহকারী পর্যায়ের শ্রমিকদের জন্য সর্বনিম্ন ৩২ হাজার টাকা মজুরি নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে। এর মধ্যে মূল বেতন ১৯ হাজার ২০০ টাকা, বাড়িভাড়া ৯ হাজার ৬০০ টাকা এবং অন্যান্য ভাতা ৩ হাজার ২০০ টাকা।
কর্মচারীদের সর্বোচ্চ মজুরি ৫৫ হাজার টাকা
শ্রমিকদের পাশাপাশি পোশাক কারখানার কর্মচারীদের (শ্রমিক নয়) জন্যও চারটি গ্রেডে পৃথক মজুরি কাঠামোর প্রস্তাব দেওয়া হয়েছে।
এতে গ্রেড-১-এর কর্মচারীদের জন্য সর্বোচ্চ ৫৫ হাজার টাকা মজুরি নির্ধারণের সুপারিশ করা হয়েছে। এ গ্রেডে স্টোর কিপার, উচ্চমান সহকারী ও সিনিয়র ফায়ারম্যানরা থাকবেন। তাদের মূল বেতন ৩৩ হাজার টাকা, বাড়িভাড়া ১৬ হাজার ৫০০ টাকা এবং অন্যান্য ভাতা ৫ হাজার ৫০০ টাকা প্রস্তাব করা হয়েছে।
গ্রেড-২-এর কর্মচারীদের জন্য মোট মজুরি প্রস্তাব করা হয়েছে ৫০ হাজার টাকা। এ শ্রেণিতে হিসাব সহকারী, স্টোর সহকারী ও অন্যান্য জুনিয়র কর্মচারীরা থাকবেন। তাদের মূল বেতন ৩০ হাজার টাকা, বাড়িভাড়া ১৫ হাজার টাকা এবং অন্যান্য ভাতা ৫ হাজার টাকা।
গ্রেড-৩-এর ক্লার্ক, অফিস সহকারী ও ডাটা এন্ট্রি অপারেটরদের জন্য মোট ৪৫ হাজার টাকা মজুরি প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে মূল বেতন ২৭ হাজার টাকা, বাড়িভাড়া ১৩ হাজার ৫০০ টাকা এবং অন্যান্য ভাতা ৪ হাজার ৫০০ টাকা।
এ ছাড়া গ্রেড-৪-এর পিয়ন ও কুক পদে কর্মরত কর্মচারীদের জন্য ৪০ হাজার টাকা মজুরি নির্ধারণের প্রস্তাব রয়েছে। এ ক্ষেত্রে মূল বেতন ২৪ হাজার টাকা, বাড়িভাড়া ১২ হাজার টাকা এবং অন্যান্য ভাতা ৪ হাজার টাকা।
শিক্ষানবিশদের মজুরি ৩০ হাজার টাকা
প্রস্তাবিত কাঠামোতে শিক্ষানবিশ শ্রমিকদের জন্য সর্বোচ্চ তিন মাসের শিক্ষানবিশকাল নির্ধারণের কথা বলা হয়েছে। এই সময়ে তাদের মাসিক মোট মজুরি হবে ৩০ হাজার টাকা। এর মধ্যে মূল বেতন ১৮ হাজার টাকা, বাড়িভাড়া ৯ হাজার টাকা এবং অন্যান্য ভাতা ৩ হাজার টাকা। প্রস্তাবে আরও বলা হয়েছে, খাদ্যভাতা মজুরির আওতাভুক্ত হবে না।
বর্তমানে সর্বনিম্ন মজুরি সাড়ে ১২ হাজার টাকা
বর্তমানে দেশের তৈরি পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা। ২০২৩ সালের ডিসেম্বরে সর্বশেষ মজুরি কাঠামো কার্যকর হওয়ার পর এই হার নির্ধারিত হয়।
এরপর থেকেই শ্রমিক সংগঠনগুলো মজুরি বাড়ানোর দাবি জানিয়ে আসছে। এবার নিম্নতম মজুরি বোর্ডের মাধ্যমে নতুন মজুরি কাঠামো নির্ধারণের প্রক্রিয়া শুরু হয়েছে।
শ্রমিকপক্ষের প্রস্তাব কার্যকর হলে সর্বনিম্ন মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বেড়ে ৩২ হাজার টাকা হবে। অর্থাৎ বর্তমানের তুলনায় তা বাড়বে ১৯ হাজার ৫০০ টাকা বা ১৫৬ শতাংশ। তবে এটি শ্রমিকপক্ষের প্রস্তাব— চূড়ান্ত মজুরি নির্ধারণে নিম্নতম মজুরি বোর্ডের সিদ্ধান্তই কার্যকর হবে।
বিজিএমইএ’র সাবেক পরিচালক ও বাংলাদেশ অ্যাপারেল ভয়েসের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মহিউদ্দিন রুবেল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘‘শ্রমিকদের পক্ষ থেকে মজুরি বৃদ্ধির প্রস্তাব দেওয়া হয়েছে। মালিকপক্ষ থেকেও একটি প্রস্তাব দেওয়া হবে। উভয় পক্ষের প্রস্তাব পর্যালোচনা ও আলোচনার ভিত্তিতে সরকার একটি সুন্দর ও বাস্তবসম্মত সিদ্ধান্ত নেবে বলে আশা করছি।’’ তিনি বলেন, ‘‘এমন একটি সিদ্ধান্ত হওয়া প্রয়োজন, যা মালিকপক্ষের কাছে গ্রহণযোগ্য হবে এবং শ্রমিকরাও স্বাচ্ছন্দ্যে মেনে নিতে পারবেন।’’