জলবায়ু পরিবর্তন ও অর্থায়ন নিয়ে ইআরএফ  সদস্যদের প্রশিক্ষণ শুরু

জলবায়ু পরিবর্তনের প্রভাব, অভিযোজন কৌশল ও জলবায়ু অর্থায়ন সম্পর্কে অর্থনীতিবিষয়ক সাংবাদিকদের জ্ঞান ও প্রতিবেদন তৈরির দক্ষতা বাড়াতে তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) উদ্যোগে অর্থনীতিবিষয়ক সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) ২৫ সদস্যের জন্য এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) ঢাকায় পিকেএসএফ ভবন-২-এ ‘ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ক্লাইমেট ফাইন্যান্স’ শীর্ষক এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিকেএসএফের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. মশিয়ার রহমান। স্বাগত বক্তব্য দেন সংস্থাটির উপ-মহাব্যবস্থাপক দীপেন কুমার সাহা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী মহাব্যবস্থাপক সুহাস শংকর চৌধুরী।

প্রশিক্ষণে জলবায়ু পরিবর্তনের বৈশ্বিক ও বাংলাদেশের প্রেক্ষাপট, জলবায়ু অর্থায়ন, অভিযোজন কৌশল, নিরাপদ পানি ব্যবস্থাপনা এবং জলবায়ু-সহনশীল জীবিকা নিয়ে আলোচনা করা হবে। পাশাপাশি জলবায়ু সাংবাদিকতায় তথ্যের যথার্থতা যাচাই, নির্ভরযোগ্য তথ্যের ব্যবহার এবং সংশ্লিষ্ট পক্ষের জবাবদিহি নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হবে।

প্রশিক্ষণের অংশ হিসেবে আগামী ১১ ও ১২ নভেম্বর অংশগ্রহণকারী সাংবাদিকরা সাতক্ষীরা সফর করবেন। সেখানে পিকেএসএফের উদ্যোগে বাস্তবায়িত জলবায়ু-সহনশীল আবাসন, জীবিকা উন্নয়ন ও নিরাপদ পানি ব্যবস্থাপনা কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করবেন তারা।

আয়োজকদের আশা, এ প্রশিক্ষণের মাধ্যমে জলবায়ু পরিবর্তন ও অর্থায়নের বিভিন্ন দিক সম্পর্কে সাংবাদিকদের ধারণা আরও স্পষ্ট হবে। একই সঙ্গে জলবায়ু ঝুঁকি, অভিযোজন এবং অর্থায়নসংক্রান্ত বিষয়ে আরও তথ্যনির্ভর ও জবাবদিহিমূলক প্রতিবেদন তৈরির সক্ষমতা বাড়বে।