ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি: সবকিছুর লাগাম টানতে পারে একটি কিউআর কোড!

নগদ টাকার ব্যবহার যত বাড়ে, অর্থের হিসাব গোপন রাখার সুযোগও তত বাড়ে। ঘুষ, চাঁদাবাজি, কর ফাঁকি, অবৈধ লেনদেন কিংবা অর্থ আত্মসাতের মতো অপরাধে নগদ অর্থের ব্যবহার শনাক্ত করা অনেক সময় কঠিন হয়ে পড়ে। অপরদিকে প্রতিটি লেনদেন ডিজিটাল ব্যবস্থায় সম্পন্ন হলে অর্থের উৎস, গন্তব্য ও পরিমাণের হিসাব সংরক্ষিত থাকে। ফলে অনিয়ম শনাক্ত করা এবং জবাবদিহি নিশ্চিত করা সহজ হয়। এ কারণে নগদ টাকার ব্যবহার কমিয়ে সব ধরনের আর্থিক লেনদেন কিউআর (কুইক রেসপন্স) কোডের আওতায় আনা গেলে দুর্নীতি ও আর্থিক অনিয়ম অনেকাংশে কমিয়ে আনা সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

শুধু দুর্নীতি কমানো নয়, ডিজিটাল লেনদেনের বিস্তার হলে চাঁদাবাজি, কর ফাঁকি ও অর্থের অপব্যবহারের সুযোগও সংকুচিত হতে পারে। অর্থনীতির বড় একটি অংশ আনুষ্ঠানিক আর্থিক ব্যবস্থার আওতায় আসবে। এতে সরকারের রাজস্ব আয় বাড়ানোর সুযোগ তৈরি হবে। ক্ষুদ্র ব্যবসায়ী ও সাধারণ মানুষও ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ পাবেন। একই সঙ্গে নগদ টাকা বহন, সংরক্ষণ ও ভাংতি করার ঝামেলা কমবে। তবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ কিংবা সামাজিক বৈষম্য কমানোর মতো বড় লক্ষ্য অর্জনে কিউআরের পাশাপাশি কার্যকর অর্থনৈতিক নীতি ও সুশাসনও প্রয়োজন।

বিশ্বের বিভিন্ন দেশে ছোট-বড় প্রায় সব ধরনের কেনাকাটা ও সেবা গ্রহণের মূল্য পরিশোধে কিউআর ব্যবহারের প্রবণতা বাড়ছে। প্রতিবেশী দেশ ভারতের হায়দ্রাবাদে সম্প্রতি দেখা গেছে, রাস্তার পাশের ছোট দোকান থেকে শুরু করে বড় বিপণিবিতান, রেস্তোরাঁ, চায়ের দোকান, ফল ও সবজির বাজার— প্রায় সর্বত্রই কিউআরের মাধ্যমে লেনদেন হচ্ছে। পাঁচ টাকার চা কিংবা ২০ টাকার পণ্য কিনলেও ক্রেতারা কিউআর স্ক্যান করে টাকা পরিশোধ করছেন। কলা, পেঁয়াজ, আলু, মরিচসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বিক্রেতারাও ডিজিটাল পেমেন্ট গ্রহণ করছেন। 

এই ব্যবস্থার বড় সুবিধা হলো, দোকানদারকে একাধিক ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে আলাদা হিসাব খুলতে হচ্ছে না। একটি ব্যাংকে হিসাব থাকলেই তিনি কিউআরভিত্তিক লেনদেন করতে পারছেন। একইভাবে ক্রেতা যেকোনো অংশগ্রহণকারী ব্যাংক বা মোবাইল আর্থিক সেবার হিসাব ব্যবহার করে কিউআর স্ক্যানের মাধ্যমে টাকা দিতে পারছেন। ভারতের ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস বা ইউপিআই ব্যবস্থার মাধ্যমে বিভিন্ন ব্যাংক ও পেমেন্ট সেবা আন্তসংযুক্ত থাকায় একটি সমন্বিত ব্যবস্থায় লেনদেন করা সম্ভব হচ্ছে।

শুধু কেনাকাটা নয়, পরিবহনসহ বিভিন্ন সেবা গ্রহণের ক্ষেত্রেও ডিজিটাল পেমেন্টের ব্যবহার বাড়ছে। উবারের মতো পরিবহনসেবায় ভাড়া পরিশোধ থেকে শুরু করে দৈনন্দিন নানা প্রয়োজনে মানুষ নগদ টাকার পরিবর্তে ডিজিটাল লেনদেন করছেন। ফলে কিউআর এখন শুধু আধুনিক বিপণিবিতানের প্রযুক্তি নয়, সাধারণ মানুষের দৈনন্দিন জীবনেরও অংশ হয়ে উঠেছে।

নগদ টাকা কমলে কমবে দুর্নীতি ও চাঁদাবাজি

বাংলাদেশের অর্থনীতিতে দুর্নীতি ও আর্থিক অনিয়মের অন্যতম সুযোগ তৈরি হয় হিসাববিহীন নগদ লেনদেনের মাধ্যমে। সরকারি কেনাকাটা, ব্যবসায়িক লেনদেন, বিভিন্ন সেবা গ্রহণ কিংবা ব্যক্তিপর্যায়ে বড় অঙ্কের অর্থ আদান-প্রদানে নগদ ব্যবহারের সুযোগ থাকলে অর্থের প্রকৃত উৎস ও গন্তব্য আড়াল করা সহজ হয়।

অপরদিকে কিউআর কোডের মাধ্যমে প্রতিটি লেনদেনের ডিজিটাল রেকর্ড তৈরি হয়। কে কাকে কত টাকা দিয়েছেন, কখন দিয়েছেন এবং কোন হিসাব থেকে অর্থ পরিশোধ হয়েছে— এসব তথ্য সংরক্ষিত থাকে। ফলে ঘুষ, অবৈধ কমিশন, অর্থ আত্মসাৎ কিংবা কর ফাঁকির মতো ঘটনা তদন্তে তথ্য পাওয়া সহজ হতে পারে। 

চাঁদাবাজি কমাতেও ডিজিটাল লেনদেন ভূমিকা রাখতে পারে। বিশেষ করে বাজার, পরিবহন, ব্যবসাপ্রতিষ্ঠান ও বিভিন্ন সেবাকেন্দ্রে নগদ অর্থের মাধ্যমে জোরপূর্বক টাকা আদায়ের সুযোগ কমানো গেলে অর্থের প্রবাহের ওপর নজরদারি বাড়বে। কোনও ব্যক্তি বা গোষ্ঠী নিয়মিত অবৈধভাবে অর্থ আদায় করলে ডিজিটাল লেনদেনের রেকর্ড তদন্তের সূত্র হিসেবে কাজ করতে পারে। তবে জোরপূর্বক ডিজিটাল মাধ্যমে টাকা আদায়ের ঘটনাও ঘটতে পারে। সে ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি ও দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি।

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও বৈষম্য কমাতে সহায়ক 

ডিজিটাল লেনদেন বাড়লে অর্থনীতির প্রকৃত আর্থিক কর্মকাণ্ড সম্পর্কে তথ্য পাওয়া সহজ হয়। বাজারে কোথায় কত লেনদেন হচ্ছে, কোন খাতে অর্থের প্রবাহ বাড়ছে কিংবা কোথায় অস্বাভাবিক লেনদেন হচ্ছে— এসব তথ্য নীতিনির্ধারকদের সিদ্ধান্ত নিতে সহায়তা করতে পারে।

বিশেষ করে বাজারে পণ্য কেনাবেচার লেনদেন ডিজিটাল ব্যবস্থায় এলে ব্যবসায়িক হিসাবের স্বচ্ছতা বাড়বে। করের আওতার বাইরে থাকা অনেক ব্যবসাও আনুষ্ঠানিক অর্থনীতিতে যুক্ত হওয়ার সুযোগ পাবে। এতে রাজস্ব আদায় বাড়ানোর পাশাপাশি বাজার তদারকি ও অর্থনৈতিক পরিকল্পনা আরও তথ্যভিত্তিক করা সম্ভব হবে। তবে কেবল কিউআর ব্যবহারের মাধ্যমে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা যাবে না। পণ্যের উৎপাদন, সরবরাহ, আমদানি ব্যয়, মুদ্রানীতি ও বাজার ব্যবস্থাপনার মতো বিষয়ও মূল্যস্ফীতির ওপর প্রভাব ফেলে।

সামাজিক বৈষম্য কমাতেও ডিজিটাল লেনদেন সহায়ক হতে পারে। ক্ষুদ্র ব্যবসায়ী, ফুটপাতের দোকানি, কৃষক ও প্রান্তিক উদ্যোক্তাদের লেনদেনের ইতিহাস তৈরি হলে ভবিষ্যতে ব্যাংকঋণ ও অন্যান্য আর্থিক সেবা পাওয়ার সুযোগ বাড়তে পারে। ফলে যাঁরা এতদিন আনুষ্ঠানিক ব্যাংকিং ব্যবস্থার বাইরে ছিলেন, তারাও অর্থনীতির মূল ধারায় যুক্ত হতে পারবেন। 

কার্ড থেকে কিউআর, বদলে যাচ্ছে লেনদেনের ধরন

একসময় আধুনিক লেনদেনের প্রধান মাধ্যম ছিল ব্যাংকের এটিএম কার্ড ও ডেবিট-ক্রেডিট কার্ড। এরপর আসে পয়েন্ট অব সেল (পস) মেশিন, মোবাইল আর্থিক সেবা, ই-কমার্স ও ডিজিটাল ওয়ালেট। এখন সেই ধারাবাহিকতায় কিউআরভিত্তিক লেনদেন নতুন সম্ভাবনা তৈরি করেছে। 

কার্ডের মাধ্যমে লেনদেন করতে দোকানে পস মেশিন স্থাপন ও রক্ষণাবেক্ষণের প্রয়োজন হয়। কিন্তু কিউআর ব্যবহারের জন্য একটি স্টিকার বা ডিসপ্লে থাকলেই চলে। ফলে ছোট মুদি দোকান, ওষুধের দোকান, চায়ের স্টল কিংবা ফুটপাতের ব্যবসায়ীরাও সহজে ডিজিটাল পেমেন্ট গ্রহণ করতে পারেন। 

বাংলাদেশেও ডিজিটাল পেমেন্টের এই পরিবর্তনকে এগিয়ে নিতে চালু হয়েছে বাংলা কিউআর। ২০২৬ সালের ১ জুলাই থেকে মার্চেন্ট পর্যায়ে বাংলা কিউআর ব্যবহারের বাধ্যবাধকতা চালু করা হয়। এর লক্ষ্য ছিল বিভিন্ন ব্যাংক ও মোবাইল আর্থিক সেবার আলাদা কিউআর কোডের পরিবর্তে একটি অভিন্ন ব্যবস্থা গড়ে তোলা।

বাংলা কিউআরে লেনদেনের গতি কমছে

তবে বাংলাদেশে বাংলা কিউআর এখনও প্রত্যাশিত জনপ্রিয়তা পায়নি। বাংলাদেশ ব্যাংকের গত মে থেকে অক্টোবর পর্যন্ত ছয় মাসের তথ্য পর্যালোচনায় দেখা যায়, মে মাসের শেষ দুই সপ্তাহে বাংলা কিউআরে দৈনিক ২০ থেকে ৩০ কোটি টাকার মতো লেনদেন হতো। অক্টোবরের প্রথম সপ্তাহে তা বেড়ে ১৩৫ কোটি টাকায় ওঠে। তবে এরপর আবার কমতে শুরু করে। অক্টোবরের শেষ সপ্তাহে দৈনিক লেনদেন নেমে আসে ১১৯ কোটি টাকায়। 

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, ‘বাংলা কিউআরে লেনদেনের গতি কেন কমে গেলো, এটা আমরাও বুঝতে পারছি না। বাধা দূর করে লেনদেন বাড়ানোর চেষ্টা করে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। বাংলা কিউআরকে সর্বজনীন করতে প্রয়োজনে আরও উদ্যোগ নেওয়া হবে।’ 

গত জুলাইয়ে মার্চেন্ট পর্যায়ে বাংলা কিউআর চালুর পর একই বিক্রেতার জন্য একাধিক ব্যাংক ও এমএফএস প্রতিষ্ঠান চার-পাঁচটি পর্যন্ত কিউআর কোড স্থাপন করে। এতে একক ও সহজ ব্যবস্থার পরিবর্তে কোথাও কোথাও জটিলতা তৈরি হয়। পাশাপাশি মার্চেন্ট হিসাব ব্যবহার করে নগদ টাকা উত্তোলনের প্রবণতা দেখা দেওয়ায় বাংলাদেশ ব্যাংক ৩০ সেপ্টেম্বর এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেয়। এরপর থেকে কিউআরভিত্তিক লেনদেনের গতি কমেছে।

বাংলা কিউআরের ব্যবহার বাড়াতে ২০২৬-২৭ অর্থবছরে ১০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। নিবন্ধিত ক্ষুদ্র ও প্রান্তিক বিক্রেতাদের দোকানে সর্বোচ্চ দুই হাজার টাকা পর্যন্ত লেনদেনের ক্ষেত্রে প্রণোদনা দেওয়া হচ্ছে। মার্চেন্ট পয়েন্টে কিউআর স্থাপনকারী প্রতিষ্ঠান লেনদেনের শূন্য দশমিক ১০ শতাংশ এবং গ্রাহকের পেমেন্ট গ্রহণকারী প্রতিষ্ঠান শূন্য দশমিক ২০ শতাংশ প্রণোদনা পাচ্ছে। তারপরও লেনদেন প্রত্যাশিত মাত্রায় বাড়ছে না।

সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শওকত আলী খান বলেন, ‘আমরা বাংলা কিউআরের ব্যবহার বাড়াতে কর্মীদের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছি। এতে প্রতিনিয়ত হিসাব খোলা ও লেনদেন বাড়ছে। এভাবে সবাই এগিয়ে এলেই সেবাটির প্রবৃদ্ধি ঘটবে।’

সর্বজনীন কিউআর ব্যবস্থাই সমাধান

বাংলাদেশে কিউআর জনপ্রিয় করতে হলে এটিকে শুধু ব্যাংকিং সেবা হিসেবে দেখলে চলবে না। দেশের সব ব্যাংক, মোবাইল আর্থিক সেবা ও পেমেন্ট প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর আন্তসংযোগ নিশ্চিত করতে হবে। একজন ক্ষুদ্র ব্যবসায়ী একটি ব্যাংকে হিসাব খুলেই যেন একটি কিউআর কোডের মাধ্যমে সব প্রতিষ্ঠানের গ্রাহকের কাছ থেকে টাকা নিতে পারেন। একইভাবে ক্রেতা যেকোনও অংশগ্রহণকারী ব্যাংক বা এমএফএসের হিসাব ব্যবহার করে সেই কোডে টাকা দিতে পারেন।

এ জন্য বিকাশ, নগদ, রকেটসহ বড় এমএফএস প্রতিষ্ঠানের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য সহজ নিবন্ধন, কম খরচে লেনদেন, নিরাপদ প্রযুক্তি এবং ব্যবহারবান্ধব অ্যাপ নিশ্চিত করা প্রয়োজন। ইন্টারনেটের দুর্বলতা, ডিজিটাল জ্ঞানের অভাব ও সাইবার প্রতারণার ঝুঁকি মোকাবিলায়ও কার্যকর উদ্যোগ নিতে হবে।

নগদ টাকা বহন ও সংরক্ষণের ঝুঁকি কমানো, জাল নোটের ব্যবহার ঠেকানো, ভাংতি টাকার ঝামেলা দূর করা এবং লেনদেনের হিসাব সংরক্ষণের ক্ষেত্রেও কিউআর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এতে ব্যবসায়ী ও সাধারণ মানুষকে সব সময় নগদ টাকা বহন করতে হবে না। একই সঙ্গে অর্থনীতির বড় একটি অংশ আনুষ্ঠানিক লেনদেনের আওতায় আসবে। 

তবে কিউআর চালু করলেই দুর্নীতি, চাঁদাবাজি কিংবা বৈষম্য রাতারাতি দূর হবে না। এর জন্য ডিজিটাল লেনদেনের পাশাপাশি সুশাসন, কার্যকর নজরদারি, আইনের প্রয়োগ এবং আর্থিক খাতে জবাবদিহি নিশ্চিত করতে হবে। 

বিশ্বের বিভিন্ন দেশ যখন ছোট-বড় সব ধরনের লেনদেনে কিউআরকে জনপ্রিয় করছে, তখন বাংলাদেশেও এ ব্যবস্থাকে সর্বজনীন করার সময় এসেছে। পাঁচ টাকার চা থেকে শুরু করে কোটি টাকার ব্যবসায়িক লেনদেন— সবকিছু একটি স্বচ্ছ ও আন্তসংযুক্ত ডিজিটাল ব্যবস্থার আওতায় আনা গেলে অর্থনীতিতে বড় পরিবর্তন সম্ভব। নগদ টাকার ওপর নির্ভরতা কমিয়ে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও বৈষম্যহীন অর্থনীতি গড়তে সর্বজনীন কিউআর হতে পারে দুর্নীতি ঠেকানোর বড় হাতিয়ার।