কমলো স্বর্ণের দাম, ভরি কত

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। এবার প্রতি ভরিতে ২ হাজার ৭৪১ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৫ হাজার ৩৭৬ টাকা। বুধবার (১৮ নভেম্বর) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে।

বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়। সংগঠনটির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ ও রুপার দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণ ও রুপার নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

এর আগে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। নতুন সিদ্ধান্তে তা কমে দাঁড়িয়েছে ২ লাখ ১৫ হাজার ৩৭৬ টাকায়।

বাজুসের নির্ধারিত নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ৫ হাজার ৬৯৫ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৭৬ হাজার ৭১০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৪৪ হাজার ৩৪২ টাকা।

এদিকে স্বর্ণের পাশাপাশি রুপার দামও নির্ধারণ করেছে বাজুস। নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি গ্রাম রুপার দাম ২৯০ টাকা, ২১ ক্যারেটের ২৭৫ টাকা, ১৮ ক্যারেটের ২৩৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১৮০ টাকা।

বাজুস জানিয়েছে, স্বর্ণ ও রুপার নির্ধারিত বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে। তাই ক্রেতার কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায়ের সুযোগ নেই। তবে অলংকারের নকশা ও ধরন অনুযায়ী মজুরি দিতে হবে।

বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১৩৯ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৬৫ বার দাম বাড়ানো হয়েছে, ৭৩ বার কমানো হয়েছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে।