এক মাস পর পদ্মা ব্যাংকের কী হবে?

পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ কী, ব্যাংকটির গ্রাহকদের কী হবে, আর আমানতকারীরা তাঁদের জমা টাকা ফেরত পাবেন কি না— এসব প্রশ্ন এখন সামনে এসেছে। দীর্ঘদিনের আর্থিক সংকট, বিপুল খেলাপি ঋণ এবং গ্রাহকদের আস্থাহীনতায় বিপর্যস্ত ব্যাংকটির ভবিষ্যৎ নির্ধারণে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামী এক মাসের মধ্যে ব্যাংকটির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

গত মঙ্গলবার (১৭ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ পদ্মা ব্যাংককে রেজ্যুলেশন প্রক্রিয়ার আওতায় আনার অনুমোদন দিয়েছে। এর ফলে ব্যাংকটিকে অন্য কোনো ব্যাংকের সঙ্গে একীভূত করা, পুনর্গঠন কিংবা নিয়মতান্ত্রিকভাবে অবসায়নের পথ খুলেছে। তবে কোন পদ্ধতিতে ব্যাংকটির সংকট মোকাবিলা করা হবে, তা এখনো চূড়ান্ত হয়নি।

বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্তের ফলে পদ্মা ব্যাংক আর আগের মতো স্বতন্ত্রভাবে পরিচালিত হবে না, এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তবে ব্যাংকটির গ্রাহক ও আমানতকারীদের মাঝে প্রশ্ন উঠেছে, তাঁদের জমা অর্থের নিরাপত্তা এবং ব্যাংকটির সঙ্গে চলমান লেনদেনের ভবিষ্যৎ কী হবে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান জানিয়েছেন, পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী পদ্মা ব্যাংককে একীভূত করা, পুনর্গঠন কিংবা অবসায়নের যেকোনো একটি ব্যবস্থা নেওয়া হতে পারে। আগামী এক মাসের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

কী হবে গ্রাহক ও আমানতকারীদের

পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ নিয়ে সবচেয়ে বড় উদ্বেগ আমানতকারীদের। দীর্ঘদিন ধরে ব্যাংকটির আর্থিক দুরবস্থার কারণে অনেক গ্রাহক তাঁদের জমা অর্থ ফেরত পাওয়া নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন। এখন ব্যাংকটি রেজ্যুলেশন প্রক্রিয়ায় যাওয়ায় তাঁদের মধ্যে নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে—ব্যাংকটি অবসায়ন হলে টাকা ফেরত পাওয়ার প্রক্রিয়া কী হবে? আবার অন্য ব্যাংকের সঙ্গে একীভূত হলে গ্রাহকদের আমানত ও দায়দেনা কীভাবে স্থানান্তর করা হবে, তা চূড়ান্ত পরিকল্পনার ওপর নির্ভর করবে।

সংশ্লিষ্ট সূত্র বলছে, পুনর্গঠনের সিদ্ধান্ত হলে ব্যাংকটির আর্থিক কাঠামো ঠিক করে কার্যক্রম চালু রাখার চেষ্টা করা হতে পারে। আর অবসায়নের সিদ্ধান্ত হলে আইন ও নির্ধারিত প্রক্রিয়া অনুসারে সম্পদ বিক্রি করে দায় পরিশোধের ব্যবস্থা নিতে হবে।

তবে এখনও পর্যন্ত পদ্মা ব্যাংকের আমানতকারীদের অর্থ ফেরতের বিষয়ে বাংলাদেশ ব্যাংক আলাদা কোনো সিদ্ধান্ত বা নিশ্চয়তা দেয়নি। ফলে গ্রাহকদের কত টাকা, কীভাবে এবং কত সময়ের মধ্যে ফেরত দেওয়া হবে, তা এখনো স্পষ্ট নয়।

একের পর এক উদ্যোগেও ঘুরে দাঁড়াতে পারেনি

পদ্মা ব্যাংকের সংকটের শুরু অনেক আগে। ২০১২ সালে ফারমার্স ব্যাংক নামে যাত্রা শুরু করে ব্যাংকটি। রাজনৈতিক বিবেচনায় ব্যাংকটির অনুমোদন দেওয়া হয়েছিল বলে শুরু থেকেই নানা আলোচনা ছিল। প্রতিষ্ঠার সময় চেয়ারম্যান ছিলেন তৎকালীন আওয়ামী লীগ সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর।

প্রতিষ্ঠার পর থেকেই ব্যাংকটির বিরুদ্ধে ঋণ বিতরণে অনিয়ম, আর্থিক দুর্বলতা ও নানা অব্যবস্থাপনার অভিযোগ ওঠে। একপর্যায়ে এসব কারণে গ্রাহকদের আস্থা কমতে থাকে। ব্যাংকটির আর্থিক সংকট এতটাই প্রকট হয় যে, ২০১৭ সালে প্রভাবশালী উদ্যোক্তাদের পরিচালনা পর্ষদ থেকে সরে যেতে হয়।

এরপর ব্যাংকটিকে বাঁচাতে পুনরুজ্জীবনের উদ্যোগ নেওয়া হয়। নাম পরিবর্তন করে ফারমার্স ব্যাংকের নাম রাখা হয় পদ্মা ব্যাংক। ব্যাংকটির মূলধন জোগাতে এগিয়ে আসে সরকারি চারটি ব্যাংক ও ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)। কিন্তু এসব উদ্যোগেও পরিস্থিতির উন্নতি হয়নি।

পরবর্তী সময়ে ব্যবসায়ী চৌধুরী নাফিজ সরাফাত ব্যাংকটির চেয়ারম্যানের দায়িত্ব নেন। তবে তাঁর সময়েও গ্রাহকদের আস্থা ফেরেনি। ২০২৪ সালের শুরুতে তিনি চেয়ারম্যানের পদ ছাড়েন। এরপরও বাংলাদেশ ব্যাংক বিভিন্ন নীতিসহায়তা ও সুবিধা দেয়। কিন্তু ব্যাংকটির আর্থিক অবস্থার উন্নতি হয়নি। বিপুল খেলাপি ঋণের বোঝা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।

রেজ্যুলেশন প্রক্রিয়ায় কেন পদ্মা ব্যাংক

ব্যাংকটির আর্থিক পরিস্থিতি পর্যালোচনা করে গত বছর বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব-সাইট সুপারভিশন একীভূতকরণ অথবা অবসায়নের মতো ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে। এ জন্য ব্যাংক রেজ্যুলেশন বিভাগকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়।

সেই সুপারিশের ভিত্তিতেই পদ্মা ব্যাংককে রেজ্যুলেশন প্রক্রিয়ার আওতায় আনার প্রস্তাব পরিচালনা পর্ষদে তোলা হয়। মঙ্গলবার সেই প্রস্তাব অনুমোদন পেয়েছে।

এর আগে আর্থিক সংকটে থাকা পাঁচটি ব্যাংক একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। ব্যাংকগুলোর মালিকানায় সরকার বিনিয়োগ করেছে। পদ্মা ব্যাংকের ক্ষেত্রেও এখন একই ধরনের উদ্যোগ নেওয়া হবে কি না, তা নিয়ে আলোচনা তৈরি হয়েছে।

৩০-৪০ হাজার কোটি টাকার তহবিল গঠনের উদ্যোগ

দুর্বল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান পুনর্গঠন, একীভূতকরণ এবং প্রয়োজনে অবসায়নের অর্থ জোগাতে ৩০ হাজার থেকে ৪০ হাজার কোটি টাকার একটি পৃথক ব্যাংক রেজ্যুলেশন ফান্ড গঠনের অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ।

মঙ্গলবারের পর্ষদ বৈঠকেই এ তহবিলের নীতিগত অনুমোদন দেওয়া হয়। কেন্দ্রীয় ব্যাংকের পরিকল্পনা অনুযায়ী, বন্ড ইস্যুর মাধ্যমে তহবিলের বড় অংশ সংগ্রহ করা হবে। পাশাপাশি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে নির্দিষ্ট হারে অর্থ জমা দিতে হবে। এ জন্য একটি পৃথক ব্যাংক হিসাব খোলার পরিকল্পনাও রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ব্যাংক রেজ্যুলেশন আইন, ২০২৬-এর আওতায় এ তহবিল পরিচালনার জন্য পৃথক বিধিমালা তৈরি করা হবে। সেখানে অর্থ সংগ্রহ, ব্যবস্থাপনা ও ব্যবহারের নিয়ম নির্ধারণ করা হবে।

এর উদ্দেশ্য হলো, কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান বড় ধরনের সংকটে পড়লে সেটি উদ্ধার, পুনর্গঠন কিংবা অবসায়নের জন্য নিজস্ব অর্থায়নের ব্যবস্থা রাখা। এতে সাধারণ করদাতাদের অর্থের ওপর নির্ভরতা কমানো সম্ভব হবে।

সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ড.  মোস্তাফিজুর রহমান এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাঁর মতে, এ ধরনের তহবিল থাকলে ব্যাংকিং খাতের সংকট মোকাবিলায় করদাতাদের ওপর আর্থিক চাপ কমবে।

অপরদিকে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান বলেন, আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে এ ধরনের তহবিল গঠন করা প্রয়োজন। তবে খেলাপি ঋণ নিয়ন্ত্রণ, আইনের কার্যকর প্রয়োগ, সুশাসন ও রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করা না গেলে শুধু তহবিল গঠন করে ব্যাংকিং খাতের সংকট সমাধান সম্ভব নয়।