মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে শুধু মুদ্রানীতির ওপর নির্ভর না করে দেশে উৎপাদন ও বাজারে পণ্যের সরবরাহ বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান। তিনি বলেছেন, উৎপাদন ও সরবরাহ বাড়ানো গেলে বাজারে পণ্যের দাম কমানোর সুযোগ তৈরি হবে। এ লক্ষ্য বাস্তবায়নে কেন্দ্রীয় ব্যাংকের ঘোষিত ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন তিনি।
একই সঙ্গে ব্যাংকঋণের খাতভিত্তিক বণ্টনে বড় পরিবর্তনের পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ২০২৭ সালের মধ্যে বাণিজ্যিক ব্যাংকগুলোর মোট বিনিয়োগের ২০ শতাংশ রিটেইল এবং ৩৫ শতাংশ ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতে দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বিপরীতে করপোরেট খাতে ব্যাংকের বিনিয়োগ ৪০ শতাংশের মধ্যে নামিয়ে আনার ওপর গুরুত্ব দিয়েছেন গভর্নর। বড় করপোরেট প্রতিষ্ঠানের ভবিষ্যৎ অর্থায়নের জন্য ব্যাংকের পরিবর্তে পুঁজিবাজারকে কাজে লাগানোর কথাও বলেছেন তিনি।
শুক্রবার (২০ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম কার্যালয়ে ২০২৬-২৭ অর্থবছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ ২০২৭) মুদ্রানীতি প্রণয়নের লক্ষ্যে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন গভর্নর। এতে ব্যবসায়ী প্রতিনিধি, শিক্ষক, গবেষক, থিংক ট্যাংক, সাংবাদিক ও ব্যাংকাররা অংশ নেন।
সভায় গভর্নর বলেন, মূল্যস্ফীতি কমাতে উৎপাদন বাড়ানোর পাশাপাশি বাজারে পণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ কার্যকর ভূমিকা রাখতে পারে। চলতি অর্থবছরের মধ্যেই এই প্যাকেজের অর্থ বিনিয়োগের ওপর জোর দেন তিনি।
গভর্নর আরও বলেন, ব্যাংকঋণের অর্থায়নে করপোরেট খাতের ওপর অতিরিক্ত নির্ভরতা কমিয়ে রিটেইল ও এসএমই খাতে ঋণের প্রবাহ বাড়াতে হবে। বড় প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি বিনিয়োগের অর্থ পুঁজিবাজার থেকে সংগ্রহের ব্যবস্থা গড়ে তুলতে হবে। এতে ব্যাংকিং খাতের অর্থায়ন আরও বহুমুখী হবে এবং ছোট ও মাঝারি উদ্যোক্তাদের জন্য ঋণ পাওয়ার সুযোগ বাড়বে।
ত্রৈমাসিক ভিত্তিতে মুদ্রানীতি
মুদ্রানীতিকে আরও কার্যকর ও সময়োপযোগী করতে ত্রৈমাসিক ভিত্তিতে মুদ্রানীতি প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান গভর্নর। সংসদীয় স্থায়ী কমিটির পরামর্শক্রমে এ উদ্যোগ নেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, অর্থনীতির পরিবর্তিত পরিস্থিতি বিবেচনায় নিয়ে মুদ্রানীতির কার্যকারিতা বাড়ানোই এর লক্ষ্য।
সভায় মুদ্রানীতির ধারণা, প্রণয়নপ্রক্রিয়া, বিভিন্ন উপকরণ ও কার্যকারিতা নিয়ে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের মুদ্রানীতি বিভাগের পরিচালক ড. মোহাম্মদ মনিরুল ইসলাম সরকার।
সুদের হার কমানোর দাবি ব্যবসায়ীদের
মতবিনিময় সভায় ব্যবসায়ীরা উৎপাদন ব্যয় কমাতে ঋণের সুদের হার কমানোর পরামর্শ দেন। পাশাপাশি বৈদেশিক মুদ্রার বিনিময় হার স্থিতিশীল রাখা এবং বিনিয়োগের পরিবেশ উন্নত করার দাবি জানান তারা।
বিজিএমইএর সহসভাপতি সেলিম রহমান বলেন, ব্যবসায়ীরা খরচ বৃদ্ধির চাপ সামাল দিতে পারেন, কিন্তু অনিশ্চয়তা সামাল দেওয়া কঠিন। গত কয়েক বছরে করোনা মহামারি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতসহ বিভিন্ন কারণে জ্বালানি সংকট তৈরি হয়েছে। এতে শিল্পকারখানার উৎপাদন ব্যয় অনেক বেড়েছে। ব্যবসার ক্ষেত্রে এ ধরনের অনিশ্চয়তা বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
চট্টগ্রাম উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবিদা মোস্তফা বলেন, মার্কিন ডলারের বিপরীতে টাকার বিনিময় হার স্থিতিশীল রাখা প্রয়োজন। এ ক্ষেত্রে মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ভিয়েতনামের মতো দেশের বিনিময় হার ব্যবস্থাপনা অনুসরণ করা যেতে পারে। বিনিময় হারে স্থিতিশীলতা না থাকলে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা কঠিন হবে।
পাচার করা অর্থ ফেরাতে উদ্যোগ
চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির জ্যেষ্ঠ সহসভাপতি এ এম মাহবুব চৌধুরীর এক প্রশ্নের জবাবে গভর্নর বলেন, দেশে ফেরত না আসা রপ্তানি আয় এবং পাচার করা অর্থ ফিরিয়ে আনতে বিদেশে বাংলাদেশের দূতাবাস ও বিভিন্ন সংস্থাকে কাজে লাগানো হচ্ছে। ইতিমধ্যে বিভিন্ন দেশে ব্যক্তির সম্পদ চিহ্নিত করে জব্দ করা হয়েছে। এসব সম্পদ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম কার্যালয়ের নির্বাহী পরিচালক মো. হানিফ মিয়া। বিশেষ অতিথি ছিলেন ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান এবং মুদ্রানীতি বিভাগের নির্বাহী পরিচালক ড. ইমাম আবু সাঈদ।
এ ছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম কার্যালয়ের পরিচালক স্বরূপ কুমার চৌধুরী, মাহবুবুল আলম, মো. নুরুল আলম ও ইয়াসমিন রহমান বুলাসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা।
অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন চিটাগাং চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী, বিকেএমইএর সহসভাপতি গাওহার সিরাজ জামিল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম ও মোহাম্মদ তাছলিম উদ্দীন, ফিন্যান্স বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জামাল উদ্দীন এবং মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. তুনাজ্জিনা সুলতানা। বিভিন্ন বণিক সমিতির প্রতিনিধি ও বাণিজ্যিক ব্যাংকের আঞ্চলিক প্রধানরাও সভায় অংশ নেন।