গোপালগঞ্জের সন্দেহজনক লেনদেন নিয়ে যা জানালো বাংলাদেশ ব্যাংক

সন্দেহজনক ও অস্বাভাবিক লেনদেনের অভিযোগে দেড় লাখেরও বেশি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) হিসাবের লেনদেন স্থগিত করেছে বাংলাদেশ ব্যাংক। এসব হিসাবের বেশিরভাগই গোপালগঞ্জ জেলার ঠিকানায় নিবন্ধিত। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) নির্দেশনা ও পরামর্শে এসব হিসাবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

রবিবার (২৯ নভেম্বর) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।

তিনি বলেন, অস্বাভাবিক লেনদেনের কারণে গোপালগঞ্জ জেলায় প্রায় এক লাখ এমএফএস হিসাব বন্ধ বা স্থগিত রাখা হয়েছে। বিএফআইইউর পরামর্শ অনুযায়ী এসব হিসাবের বিষয়ে পদক্ষেপ নেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, স্থগিত হওয়া হিসাবের সংখ্যা দেড় লাখের বেশি। এর মধ্যে বেশিরভাগই গোপালগঞ্জ জেলার ঠিকানায় খোলা। গত বুধবার (২৫ নভেম্বর) রাত থেকে জেলার বিভিন্ন গ্রাহকের বিকাশ, নগদসহ মোবাইল আর্থিক সেবার হিসাবের লেনদেন বন্ধ হতে শুরু করে।

তবে এসব হিসাব কত দিন স্থগিত থাকবে কিংবা কী প্রক্রিয়ায় আবার সচল করা হবে, সে বিষয়ে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বিস্তারিত জানানো হয়নি।

এদিকে হিসাব স্থগিত হওয়ায় সাধারণ গ্রাহকদের পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ীরাও ভোগান্তিতে পড়েছেন। দৈনন্দিন লেনদেন, কেনাকাটা ও ব্যবসায়িক লেনদেনে এমএফএসের ওপর নির্ভরশীল অনেক গ্রাহক বিপাকে পড়েছেন।

সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, গত ১৫ নভেম্বর গোপালগঞ্জে বিভিন্ন স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসব ঘটনায় উসকানি ও অর্থায়নের অভিযোগ ওঠার পর সন্দেহজনক আর্থিক লেনদেন শনাক্ত ও নিয়ন্ত্রণের উদ্যোগ নেওয়া হয়। এরই অংশ হিসেবে গত বুধবার জেলায় এমএফএস সেবা বন্ধের নির্দেশ দেওয়া হয় বলে জানা গেছে।

পরে টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। এসব ঘটনায় অর্থায়ন ও উসকানির বিষয়টি খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।