নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে পাকিস্তানের সঙ্গে টিসিবির ৫ বছরের সমঝোতা

দেশের নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা, খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা এবং আমদানির বিকল্প উৎস তৈরির লক্ষ্যে পাকিস্তানের সঙ্গে সরাসরি সরকারি পর্যায়ে (জি-টু-জি) বাণিজ্যের নতুন সুযোগ তৈরি হয়েছে। এ লক্ষ্যে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ও ট্রেডিং করপোরেশন অব পাকিস্তানের (টিসিপি) মধ্যে পাঁচ বছর মেয়াদি একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। এর আওতায় চাল, গম, চিনি, ভোজ্যতেল ও ডালসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানি-রফতানি করতে পারবে দুই দেশ।

রবিবার (২৯ নভেম্বর) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ সমঝোতা স্মারক সই হয়। বাংলাদেশের পক্ষে টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ এবং পাকিস্তানের পক্ষে ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার ইমরান হায়দার এতে সই করেন।

এ সময় বাণিজ্য সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরীসহ দুই দেশের সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাণিজ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. কামাল হোসেন জানান, সমঝোতা স্মারক অনুযায়ী, পারস্পরিক চাহিদা ও সম্মতির ভিত্তিতে দুই দেশের রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক প্রতিষ্ঠান বিভিন্ন পণ্য ক্রয়-বিক্রয় করতে পারবে। এসব পণ্যের মধ্যে রয়েছে সব ধরনের চাল, গম, পরিশোধিত ও অপরিশোধিত চিনি, ক্যানোলা, সয়াবিন, সূর্যমুখী, রাইস ব্র্যান ও পাম অলিনসহ বিভিন্ন ধরনের ভোজ্যতেল। এছাড়া তিল, আলু, পেঁয়াজ, মসুর ডাল, ছোলা, চা, আনারস, কাঁঠাল, খেজুর ও সারসহ বিভিন্ন কৃষিপণ্য এবং কৃষি উপকরণও এ সমঝোতার আওতায় থাকবে।

তবে সমঝোতা স্মারক সইয়ের মধ্য দিয়ে কোনও পণ্য আমদানি-রফতানির চূড়ান্ত চুক্তি হয়নি। কোনও পক্ষ নির্দিষ্ট পণ্য সংগ্রহ করতে চাইলে পণ্যের মান, পরিমাণ, কারিগরি বিবরণ ও সম্ভাব্য সরবরাহের সময় উল্লেখ করে অপরপক্ষকে লিখিত প্রস্তাব দিতে হবে। পরবর্তী সময়ে আলোচনা ও দরকষাকষির মাধ্যমে পৃথক চুক্তিতে পণ্যের দাম, পরিমাণ ও সরবরাহের শর্ত চূড়ান্ত করা হবে।

অনুষ্ঠানে বাণিজ্য সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী বলেন, এ সমঝোতার মাধ্যমে বাংলাদেশ ও পাকিস্তানের রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে সরাসরি ও সুসংগঠিত বাণিজ্যিক সম্পর্ক গড়ে উঠবে। এতে দুই দেশের অর্থনৈতিক স্বার্থ সংরক্ষণের পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় পণ্য ও কৃষিপণ্য আমদানি-রফতানিতে সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টি হবে।

সমঝোতা স্মারকের কার্যকর বাস্তবায়নে টিসিবি ও টিসিপির মধ্যে নিয়মিত যোগাযোগ, বাণিজ্যিক প্রস্তাবের সময়োপযোগী মূল্যায়ন এবং দুই দেশের বাণিজ্য মন্ত্রণালয়ের সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার বলেন, পাকিস্তানে বাসমতি চাল, পেঁয়াজ, আলু ও মসলাসহ বিভিন্ন কৃষিপণ্যের উদ্বৃত্ত মজুত রয়েছে। বাংলাদেশের চাহিদা অনুযায়ী এসব পণ্য সরবরাহে পাকিস্তান প্রস্তুত রয়েছে। এ সমঝোতার মাধ্যমে দুই দেশের রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক প্রতিষ্ঠানের মধ্যে সরাসরি প্রাতিষ্ঠানিক সম্পর্ক গড়ে উঠবে।

দ্বিপক্ষীয় সম্পর্কের অগ্রগতি তুলে ধরে হাইকমিশনার জানান, বাংলাদেশ থেকে আমদানি করা হাইড্রোজেন পার-অক্সাইডের ওপর অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহার করেছে পাকিস্তান। পাশাপাশি বাংলাদেশ থেকে বছরে ১০ হাজার মেট্রিক টন চা আমদানির ক্ষেত্রে শুল্কমুক্ত কোটা বহাল রাখা হয়েছে। গত অক্টোবরে বাংলাদেশি আনারসের প্রথম চালান করাচিতে পৌঁছেছে বলেও জানান তিনি।

টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ বলেন, এ সমঝোতা কেবল আনুষ্ঠানিক দলিল কিংবা পারস্পরিক সদিচ্ছা প্রকাশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। একে বাস্তব বাণিজ্যিক ফলাফলে রূপ দেওয়াই হবে দুই প্রতিষ্ঠানের সম্মিলিত দায়িত্ব।

তিনি জানান, প্রয়োজনীয় পণ্য চিহ্নিত করা, প্রতিযোগিতামূলক মূল্য নির্ধারণ, গুণগত মান নিশ্চিত করা এবং সময়মতো পণ্য সরবরাহের লক্ষ্যে টিসিবি ও টিসিপি নিবিড়ভাবে কাজ করবে।

সইয়ের দিন থেকে পাঁচ বছর পর্যন্ত এ সমঝোতা স্মারক কার্যকর থাকবে। কোনও পক্ষ বাতিলের উদ্যোগ না নিলে স্বয়ংক্রিয়ভাবে আরও পাঁচ বছরের জন্য এর মেয়াদ বাড়বে। তবে যেকোনও পক্ষ কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে অন্তত তিন মাস আগে লিখিত নোটিশ দিয়ে সমঝোতা স্মারকটি বাতিল করতে পারবে।

আন্তর্জাতিক বাজারে খাদ্যপণ্যের দাম বৃদ্ধি, সরবরাহ সংকট কিংবা প্রচলিত আমদানি উৎসে অনিশ্চয়তা দেখা দিলে এ সমঝোতা বিকল্প উৎস থেকে পণ্য সংগ্রহের সুযোগ তৈরি করবে। তবে দেশের নিত্যপণ্যের বাজারে এর সুফল কতটা পাওয়া যাবে, তা নির্ভর করবে পণ্যভিত্তিক চুক্তি, আমদানি ব্যয়, প্রতিযোগিতামূলক মূল্য এবং সময়মতো সরবরাহ নিশ্চিত করার ওপর।