ঝিনাইদহ ও রাজবাড়ী জেলায় বিদ্যুৎ উপকেন্দ্র হচ্ছে

 

বিদ্যুৎ উপকেন্দ্রঝিনাইদহ ও রাজবাড়ী জেলায় বিদ্যুৎ উপকেন্দ্র নির্মাণ করতে যাচ্ছে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লি. (পিজিসিবি)। পাশাপাশি গোপালগঞ্জ ও গল্লামারীতে অবস্থিত উপকেন্দ্রগুলো সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।

পিজিসিবি জানায়, নতুন দু’টি উপকেন্দ্র নির্মাণ ও দু’টি উপকেন্দ্র সম্প্রসারণ কাজে প্রাথমিক ব্যয় ধরা হয়েছে ১৭১ কোটি টাকা। ঝিনাইদহে ২৩০/১৩২ কেভি এবং রাজবাড়িতে ১৩২/৩৩ কেভি ক্ষমতাসম্পন্ন উপকেন্দ্র নির্মাণ করা হবে। গোপালগঞ্জ ও গল্লামারী উপকেন্দ্র দু’টি ১৩২/৩৩ কেভি ক্ষমতাসম্পন্ন।

পিজিসিবির জনসংযোগ (সহ-ব্যবস্থাপক) এ বি এম বদরুদ্দোজা খান জানান, ‘এই কাজগুলো করতে গত ১৯ ডিসেম্বর পিজিসিবির প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সিমেন্স ইন্ডিয়া ও সিমেন্স বাংলাদেশ-এর সমন্বয়ে গঠিত কনসোর্টিয়াম এবং পিজিসিবির মধ্যে দ্বিপক্ষীয় চুক্তি সই হয়েছে। উপকেন্দ্রগুলো নির্মাণ ও সম্প্রসারণ করা হলে ওইসব এলাকায় স্থিতিশীল ও গুণগত মানসম্পন্ন বিদ্যুৎ সরবরাহ বাড়বে।’

চুক্তি অনুযায়ি, আগামী দুই বছরের মধ্যে টার্নকি পদ্ধতিতে কাজগুলো সম্পন্ন করে উপকেন্দ্রগুলো পিজিসিবির কাছে হস্তান্তর করবে সিমেন্স। অনুষ্ঠানে পিজিসিবির পক্ষে কোম্পানি সচিব মো. আশরাফ হোসেন এবং সিমেন্স কনসোর্টিয়ামের পক্ষে হেড অব ট্রান্সমিশন সলিউশন মো. আসাদুজ্জামান চুক্তিপত্রে সই করেন।