জ্বালানি সাশ্রয়ী প্রযুক্তি ব্যবহারে প্রণোদনার উদ্যোগ নিতে হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

 

‘৯ম আন্তর্জাতিক বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ইনোভেশন অ্যান্ড ডেভলপমেন্ট (বিড), এক্সপো ও ডায়লগ’-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ শিল্প কারখানায় কো-জেনারেশনের মাধ্যমে বিপুল পরিমাণ জ্বালানি সাশ্রয় সম্ভব বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেন, ‘গুণগত মানসম্পন্ন বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ী প্রযুক্তি ও যন্ত্রাংশ ব্যবহারে প্রণোদনার উদ্যোগ নিতে হবে।’ রবিবার (৪ ফেব্রুয়ারি) ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘৯ম আন্তর্জাতিক বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ইনোভেশন অ্যান্ড ডেভলপমেন্ট (বিড), এক্সপো ও ডায়লগ’-এর সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, ‘জাইকার অর্থায়নে ৫টি শিল্প কারখানাতে জ্বালানি সাশ্রয়ী প্রযুক্তি ও যন্ত্র ব্যবহারে জন্য ৪ ভাগ সুদে ৩ হাজার ৩৪৫ মিলিয়ন টাকা দেওয়া হয়েছে। শিল্প কারখানার সংখ্যা এবং এ প্রক্রিয়ায় জনসম্পৃক্ততা বাড়ানোর উদ্যোগ অব্যাহত রাখতে হবে।’  

টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষের (স্রেডা) সদস্য সিদ্দিক যোবায়েরের সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে অন্যান্যের মাঝে আরও বক্তব্য রাখেন স্রেডার চেয়ারম্যান মো. হেলাল উদ্দিন, ওয়াল্ড ব্যাংকের সিনিয়র এনার্জি বিশেষজ্ঞ ড. অশোক সরকার ও এডিবির ক্লিন এনার্জি অ্যাডভাইজার পিটার ডু পন্ট বক্তব্য রাখেন।

সবুজ শিল্পায়নের প্রযুক্তি বিকাশের প্রত্যয় নিয়ে চারদিনব্যাপী এই প্রদর্শনী ও সংলাপের আয়োজন করা হয়। এতে ৩২ জন বিশেষজ্ঞ সবুজ অবকাঠামোর উন্নয়ন ও আধুনিকায়নের ওপর আয়োজিত সংলাপগুলোতে অংশগ্রহণ করে। ৭টি দেশের ৬২টি প্রতিষ্ঠানের বিদ্যুৎ সাশ্রয়ী ও পরিবেশবান্ধব বিভিন্ন শিল্পপণ্য এই প্রদর্শনীতে স্থান পায়।