বেশকিছু বড় কাজ করতে যাচ্ছে জ্বালানি খাত: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

নসরুল হামিদ (ফাইল ছবি)বিদ্যুৎ উৎপাদনে আজকের যে সফলতা তা জ্বালানির কারণেই হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিবি বলেন, ‘জ্বালানি খাতে আরও অনেক বড় বড় কাজ হচ্ছে। সাগরে পাইপলাইন নির্মাণ, এলএনজি আমদানি, সাগরে তেল ও গ্যাস অনুসন্ধান এবং বেশকিছু বড় কাজ করতে যাচ্ছে জ্বালানি খাত।’

বুধবার (৫ সেপ্টেম্বর) বিদ্যুৎ ভবনে ‘বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ ২০১৮’ এর উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা তৌফিক ই ইলাহী চৌধুরী, বিদ্যুৎ সচিব আহমদ কায়কাউস, জ্বালানি সচিব আবু হেনা মো. রহমাতুল মুনিম, আরইবির চেয়ারম্যান মুঈন উদ্দিনসহ অনেকে।

বিদ্যুৎ অনেক উৎপাদন হলেও সঞ্চালন ও বিতরণের অবস্থা সন্তোষজনক নয় কেন, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নসরুল হামিদ বলেন, ‘পরিকল্পনা ও বাস্তবতা এক না হওয়ায় অনেক সময় কাজ করা কঠিন হচ্ছে। অনেক সময় আমরা সহজেই পরিকল্পনা করি, কিন্তু বাস্তবে কাজ করতে গিয়ে যায় নানা জটিলতা তৈরি হচ্ছে।’

প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা তৌফিক ই ইলাহী চৌধুরী বলেন, ‘ভবিষ্যতের প্রজন্মকে জ্বালানি খাতে উৎসাহিত করতে তাদের উদ্ভাবনি শক্তিকে কাজে লাগানো হচ্ছে। উদ্ভাবিত প্রকল্পগুলো বাণিজ্যিকীকরণ করতে সরকার ব্যাপক উদ্যোগ নিয়েছে।’

বর্তমান সরকারের আমলে বিদ্যুৎ ও জ্বালানি খাতের সাফল্য তুলে ধরে সাধারণ মানুষকে জানাতে আগামী ৬ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ‘বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ ২০১৮’। ‘জ্বালানি ও  বিদ্যুৎ, নতুন যৌবনের দূত’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিতব্য বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

‘অনির্বাণ আগামী’ এই শিরোনামে আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় আগামী ৬ থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই অনুষ্ঠান। এ উপলক্ষে নেওয়া হয়েছে নানা কর্মসূচি। এরইমধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।