সরকার সব মন্ত্রণালয়ের সঙ্গে উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়ন করতে আলাদা আলাদা বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বা অ্যানুয়েল পারফরমেন্স এগ্রিমেন্ট (এপিএ) করে। বাজেটে যে উন্নয়ন বরাদ্দ থাকে তার ভিত্তিতে মন্ত্রণালয়গুলো উন্নয়ন প্রকল্প গ্রহণ করে। এই প্রকল্পগুলোর কাজের ভিত্তিতে এপিএ দেখে বছর শেষে তা মূল্যায়ন করা হয়। এই মূল্যায়নে টানা দ্বিতীয়বারের মতো প্রথম হয়েছে বিদ্যুৎ বিভাগ।
বিদ্যুৎ বিভাগ জানায়, ৫৭টি কর্মসম্পাদন সূচকের মধ্যে ৪৯টিতে বিদ্যুৎ বিভাগ শতভাগ পেয়ে ৯৬ দশমিক ৪৬ নম্বর অর্জন করে প্রথম স্থান পায়। অন্যদিকে ৯৪ দশমিক ৭৬ নম্বর পেয়ে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ তৃতীয় স্থান অর্জন করেছে।
৫১টি মন্ত্রণালয় বা বিভাগের মধ্যে এ বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়ন মূল্যায়ন করা হয়।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, ‘সবাই মিলে টিমওয়ার্ক করার ফলে ধারাবাহিকভাবে সাফল্য আসছে। এ সাফল্য ধরে রাখতে আরও পরিশ্রম করতে হবে। সম্মিলিত প্রচেষ্টায় নির্ধারিত সময়ের আগেই জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হবে।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশকে আলোর পথে এগিয়ে নেওয়ার নেপথ্যের কারিগর বিদ্যুৎ বিভাগ এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।’ অসাধারণ এই অর্জনের জন্য তিনি উভয় বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ জানান।