বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, কাতারের সঙ্গে বিদ্যমান এলএনজি বিক্রয় ও ক্রয় চুক্তির (এসপিএ) ধারাবাহিকতায় বাংলাদেশ আরও বেশি এলএনজি আমদানি করতে আগ্রহী। ২০২২ সালের মাঝামাঝি থেকে বার্ষিক অতিরিক্ত ১ মিলিয়ন টন এলএনজি কাতার হতে নিতে চায় বাংলাদেশ, যা একটি সাইড লেটার চুক্তির মাধ্যমে কার্যকর করা যেতে পারে ।
মঙ্গলবার (১ মার্চ) কাতারের দোহায় হোটেল শেরাটনে কাতারের জ্বালানি বিষয়ক প্রতিমন্ত্রী সাদ শেরিদা আল কাবিরের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
দ্বিপাক্ষিক বৈঠকে কাতারের পক্ষে নেতৃত্ব দেন কাতারের জ্বালানি বিষয়ক প্রতিমন্ত্রী সাদ শেরিদা আল কাবির। বাংলাদেশের নেতৃত্ব দেন নসরুল হামিদ। অনুষ্ঠানে অন্যান্যের মাঝে কাতার গ্যাসের সিইও শেখ খালিদ বিন খলিফা আল-থানি, কাতার এনার্জির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (ইভিপি) জসিম আল মারজুকি, পেট্রোবাংলার চেয়ারম্যান নাজমুল আহসান ও রূপান্তরিত প্রাকৃতিক গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক জাভেদ চৌধুরী উপস্থিত ছিলেন।
নসরুল হামিদ বলেন, বাংলাদেশ ও কাতারের মধ্যে বিদ্যমান চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্কের কারণে কাতার বাংলাদেশী অভিবাসীদের একটি জনপ্রিয় গন্তব্য হয়েছে এবং বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ শ্রমবাজারে পরিণত হয়েছে। এসময় তিনি জ্বালানি সহযোগিতা বাড়ানোর অনুরোধ জানান।