‘প্রতিবন্ধকতা অতিক্রম করতে বঙ্গবন্ধুর মতো দৃঢ় প্রত্যয়ী হতে হবে’

প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বীর বিক্রম বলেছেন, সব প্রতিবন্ধকতা অতিক্রম করতে বঙ্গবন্ধুর মতো দৃঢ় প্রত্যয়ী হতে হবে। বঙ্গবন্ধু যেভাবে সাধারণ মানুষকে কাছে টেনে নিতেন, তা আমাদের অনুসরণ করা উচিত।

বৃহস্পতিবার (১৭ মার্চ) ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২২ উদযাপন’ উপলক্ষে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ আয়োজিত ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, ‘বঙ্গবন্ধু আজীবন সংগ্রাম করেছেন সাধারণ মানুষের মুক্তির জন্য। তাঁকে যথাযথভাবে অনুসরণ করতে পারলে আমরাও দেশ ও সাধারণ মানুষের জন্য কিছু করতে পারবো।’

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এ উপলক্ষে এক বার্তায় বলেন, ‘একজন মানুষ, যাঁর বজ্রকণ্ঠে কেঁপে উঠতো শোষকের গদি, জেগে উঠেছিল সমগ্র জাতি। সেই মানুষটার কাছে শিশুরাই ছিল সবচেয়ে প্রিয়। তাঁর স্বপ্ন ছিল সোনার বাংলার শিশু- কিশোররা মানবিক ও আধুনিক শিক্ষার পাশাপাশি খেলাধুলায় বিকশিত হবে। শিশু- কিশোরদের মানবিক বিকাশে তাদের সামনে বঙ্গবন্ধুর আত্মত্যাগ, দেশপ্রেম ও সংগ্রাম তুলে ধরতে হবে। এতে শিশু-কিশোররা আত্মপ্রত্যয়ী হয়ে বেড়ে উঠবে।’

জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সিনিয়র সচিব মো. মাহবুব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যান এ বি এম আজাদ, পেট্রোবাংলার চেয়ারম্যান  নাজমুল আহসান, অতিরিক্ত সচিব  এস এম জাকির হোসেন, অতিরিক্ত সচিব মো. জাহাঙ্গীর আলম সংযুক্ত থেকে বক্তব্য রাখেন।

এছাড়া দিবসটি উপলক্ষে গ্যাস ট্রান্সমিশন কোম্পানির (জিটিসিএল) প্রধান কার্যালয়ে  জাতির পিতার প্রতিকৃতিতে উপদেষ্টার নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এর আগে সকালে  বিদ‍্যুৎ ভবনে জাতির পিতার প্রতিকৃতিতে বিদ্যুৎ বিভাগের সচিব মো. হাবিবুর রহমানের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা হয়।