বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, শেখ হাসিনার উদ্যোগে আজকে ঘরে ঘরে বিদ্যুৎ। এই সাফল্যের কৃতিত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তার দূরদৃষ্টিসম্পন্ন সিদ্ধান্ত, অক্লান্ত পরিশ্রম এবং বিদ্যুৎ বিভাগ তার পেছনে থেকে এই সাফল্য নিয়ে আসছে। তিনি এই মন্ত্রণালয়ের মন্ত্রী। সুবর্ণজয়ন্তী ও জন্মশতবার্ষিকীতে এই সম্মাননা বিদ্যুৎ বিভাগের জন্য বিশাল অর্জন। এই অর্জনের পেছনে সকল কর্মীর অক্লান্ত পরিশ্রমও আছে। এই পুরস্কারের পর এখন আমাদের সামনে বড় চ্যালেঞ্জ নিরবচ্ছিন্ন ও সাশ্রয়ী বিদ্যুৎ। ২০২৪ সালের জানুয়ারির পর অবস্থা ভাল হবে বলে আশা করছি।
প্রসঙ্গত, আজ বৃহস্পতিবার (২৪ মার্চ) শতভাগ বিদ্যুতায়নের মাধ্যমে দেশের আর্থ-সামাজিক উন্নয়নে অবদান এবং মুজিববর্ষে শতভাগ বিদ্যুতায়ন সফলভাবে সম্পন্ন করায় বিদ্যুৎ বিভাগকে 'স্বাধীনতা পুরস্কার ২০২২' প্রদান করেছেন প্রধানমন্ত্রী।
পরে প্রতিমন্ত্রী বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিদ্যুৎ বিভাগের এ অর্জন উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন৷
এ সময় বিদ্যুৎ সচিব হাবিবুর রহমান, পিডিবির চেয়ারম্যান মাহবুবুর রহমান, পাওয়ার সেলের মহাপরিচালক মোহম্মদ হোসেইন উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী বলেন, আমাদের অর্জনের অংশীদার গ্রাহকরাও। তারা ধৈর্য ধরে আমাদের অর্জনে অবদান রেখেছেন। এই সম্মান রক্ষা করা আমাদের বড় চ্যালেঞ্জ। আগামীতে চ্যালেঞ্জ মোকাবিলায় পরিকল্পনা গ্রহণ করতে হবে। সাংবাদিকদের ইতিবাচক প্রতিবেদন আমাদের এগিয়ে নিয়েছে, নেতিবাচক প্রতিবেদন ভুল-ত্রুটি শুধরাতে সহযোগিতা করেছে।
তিনি বলেন, আমি মনে করি নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে গিয়ে এখন যে প্রকল্পগুলো রয়েছে—সেগুলো ক্ষেত্র তৈরি করবে। বিশেষ করে পায়রা ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র। আবার রামপাল, মাতারবাড়ি যে বিদ্যুৎকেন্দ্র রয়েছে সেগুলো নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্র তৈরি করবে।
তিনি বলেন, বিশ্ব পরিস্থিতি অস্থিতিশীল। এই পরিস্থিতিতে সাশ্রয়ীভাবে বিদ্যুৎ ব্যবহার করা উচিত। এই পরিস্থিতিতে আমাদের সকলকে সাশ্রয়ীভাবে বিদ্যুৎ ব্যবহার করতে হবে। সামনে রোজা আসছে, পুরোপুরি গরম চলে আসবে। তখন তারাবির সময় মসজিদের এসিগুলোর জন্য প্রায় ১৫০০ মেগাওয়াট বাড়তি বিদ্যুৎ লাগে। এসির লোড ম্যানেজমেন্ট করলে কিছুটা সাশ্রয় করা সম্ভব। এসময় তিনি সবাইকে বিদ্যুৎ সাশ্রয়ী হওয়ার আহবান জানান।
সংবাদ সম্মেলনের আগে স্বাধীনতা পুরস্কার পাওয়ার জন্য প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিদ্যুৎ বিভাগ, পিডিবি, পাওয়ার সেলসহ সকল সংস্থা ও কোম্পানিগুলো।
এদিকে এনার্জি রিপোর্টারদের পক্ষ থেকে ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ (এফইআরবি) ফুল দিয়ে প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা জানায়।