দেশে সর্বোচ্চ ১৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে আজ

চলতি বছরের সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হয়েছে আজ বৃহস্পতিবার (৭ এপ্রিল)। এদিন রাত ৯টায় দেশে রেকর্ড  সর্বোচ্চ ১৪ হাজার ১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। পিডিবির পরিচালক (জনসংযোগ) সাইফুল হাসান চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গতবছর ২৭ এপ্রিল রাত ৯টায় দেশে রেকর্ড ১৩ হাজার ৭৯২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়েছিল। 

সাইফুল হাসান চৌধুরী বলেন, বৃহস্পতিবার রাত ৯টায় সারাদেশে বিদ্যুতের চাহিদা ছিল ১৪ হাজার ১ মেগাওয়াট। আমরা উৎপাদনও করেছি ১৪ হাজার ১ মেগাওয়াট। চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন হওয়ায় কোথাও লোডশেডিং ছিল না বলে তিনি জানান। এই মুহূর্তে ২২ হাজার মেগাওয়াট পর্যন্ত উৎপাদন করার ক্ষমতা রয়েছে আমাদের।