বিদ্যুৎ সাশ্রয়ের বিষয়ে মনিটরিং ব্যবস্থা জোরদার করার সুবিধার্থে বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিবকে (প্রশাসন) আহ্বায়ক করে ৫ সদস্যের কমিটি গঠন করেছে বিদ্যুৎ বিভাগ। বৃহস্পতিবার (২১ জুলাই) বিদ্যুৎ সচিব হাবিবুর রহমানের সভাপতিত্বে বিদ্যুতের সাশ্রয়ী ব্যবহার সংক্রান্ত পর্যালোচনা অনলাইন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়৷
গত ২০ জুলাই প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউসের সভাপতিত্বে ব্যয় সংকোচন সংক্রান্ত সভায় গৃহীত বিদ্যুৎ বিভাগের জন্য প্রযোজ্য সিদ্ধান্তগুলো বাস্তবায়নের লক্ষ্যে পরিকল্পনা গ্রহণ করা হয় সভায়।
পর্যালোচনা সভায় অন্যান্যের মাঝে পিডিবি’র চেয়ারম্যান মাহবুবুর রহমান, আরইবি’র চেয়ারম্যান সেলিম উদ্দিন, পাওয়ার সেলের ডিজি মোহাম্মদ হোসাইনসহ দফতর বা সংস্থার প্রধানরা সংযুক্ত ছিলেন।
সভায় লোডশেডিং-এর তথ্য এসএমএস-এর মাধ্যমে গ্রাহকদের অবহিত করা, রাত ৮টার পর দোকানপাট, শপিং মল, মার্কেট, বিপণী বিতান বন্ধের বিষয়টি মনিটরিং জোরদার, ভার্চুয়াল প্ল্যাটফর্মে সভা করা, বিদ্যুৎ সাশ্রয়ে বাতি ও এসি সর্বোচ্চ কম ব্যবহার নিশ্চিত করাসহ বিদ্যুৎ সাশ্রয়ের বিষয়ে মনিটরিং ব্যবস্থা জোরদার করার সুবিধার্থে এই কমিটি গঠন করা হয়।