আমিনবাজার-গোপালগঞ্জ ৪০০ কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইন সফলভাবে চালু করেছে পিজিসিবি। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) গোপালগঞ্জ গ্রিড সাবস্টেশন প্রান্ত থেকে ৪০০ কেভি ভোল্টেজ দিয়ে লাইনটি চালু করা হয় বলে পিজিসিবি জানিয়েছে। এর ফলে চাহিদা থাকলে পায়রা বিদ্যুৎকেন্দ্রের ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করা যাবে। এমনকি রামপাল বিদ্যুৎকেন্দ্র পূর্ণ ক্ষমতায় চালু হলে– এই লাইনের মাধ্যমে এখন পুরোবিদ্যুৎ গ্রিডে যুক্ত করা যাবে।
পিজিসিবি জানায়, গোপালগঞ্জ থেকে আমিনবাজার গ্রিড সাবস্টেশন পর্যন্ত লাইনটির দৈর্ঘ ৮২ দশমিক ৫ কিলোমিটার। এর মধ্যে পদ্মা নদীতে ৭ দশমিক ৫ কিলোমিটার রিভারক্রসিং রয়েছে। গোপালগঞ্জ থেকে আমিনবাজার লাইনটিতে মোট ২২৬টি টাওয়ার রয়েছে। তারমধ্যে খরস্রোতা পদ্মা পাড়ির জন্য নদীতে এবং নদীর দু’প্রান্ত মিলে মোট ১১টি সুউচ্চ টাওয়ার নির্মাণ করা হয়েছে।
তিনি জানান, নবনির্মিত লাইনটি চালু করায় আগে নির্মিত পায়রা-গোপালগঞ্জ ৪০০ কেভি লাইন এবং গোপালগঞ্জ-মোংলা ৪০০ কেভি লাইন ঢাকার উপকণ্ঠের আমিনবাজার গ্রিড উপকেন্দ্রের সঙ্গে যুক্ত হলো।
পিজিসিবি তথ্যমতে, এই লাইন চালু হওয়ায় বৃহত্তর খুলনা ও বরিশাল অঞ্চলের সঙ্গে জাতীয় গ্রিডের সংযোগ শক্তিশালী ও অধিকতর নির্ভরযোগ্য হয়েছে।