অবৈধ ব্যবহার ও বকেয়ার কারণে মোহাম্মদপুরে গ্যাস সরবরাহ বন্ধ

অবৈধভাবে গ্যাস ব্যবহার ও বিপুল পরিমাণ বিল বকেয়ার কারণে ঢাকা মহানগরীর মোহাম্মদপুরের বেশ কিছু এলাকায় গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে তিতাস।

সোমবার (১৫ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিতাস এই তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অবৈধভাবে গ্যাস ব্যবহার ও বৈধ গ্রাহকদের নিকট বিপুল পরিমাণ গ্যাস বিল বকেয়ার কারণে আজ ১৫ মে (সোমবার) ঢাকা মহানগরীর মোহাম্মদপুর এলাকার ঢাকা উদ্যান, চাঁদ উদ্যান, নবীনগর হাউজিং, চন্দ্রিমা হাউজিং, একতা হাউজিং এবং তুরাগ হাউজিং এলাকার গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ রেখেছে তিতাস কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, এর আগে গত ৮ মে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার অভিযানের অংশ হিসেবে মিরপুরের রূপনগরের ইস্টার্ন হাউজিংয়ের পুরো এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছিল তিতাস। এতে ভোগান্তিতে পড়ে বৈধ গ্রাহকরাও। এর পরদিন ওই এলাকার ১৮টি কারখানার অবৈধ সংযোগ বন্ধের শর্তে গ্যাস সরবরাহ শুরু করে তিতাস।