বাংলাদেশে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহের জন্য কাতারের সঙ্গে ১৫ বছর মেয়াদী চুক্তি সই হয়েছে। এই চুক্তির মাধ্যমে দেশে গ্যাস সরবরাহ বাড়বে বলে আশা করা হচ্ছে। বৃহস্পতিবার (১ জুন) দোহায় এই চুক্তি সই হয়। চুক্তিতে বাংলাদেশের পক্ষে পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ নাথ সরকার ও কাতার এনার্জি ট্রেডিং এর পক্ষে নির্বাহী ভাইস প্রেসিডেন্ট আব্দুল্লাহ আহমাদ আল হোসাইনি স্বাক্ষর করেছেন।
এর আগে ২০১৭ সালের সেপ্টেম্বর মাসে কাতারে রাস গ্যাস এর সঙ্গে প্রথম চুক্তি হয়েছিল।
চুক্তি সই অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, অর্থনীতির চাকা সচল রাখতে সব রকম জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হবে। বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ হিসেবে বাংলাদেশে প্রতিনিয়ত গ্যাস ও বিদ্যুতের চাহিদা বাড়ছে। বাড়তি জ্বালানি যোগান দিয়ে দেশের শিল্পায়ন ও অর্থনীতিকে আরও গতিশীল করতে গ্যাস ও অন্যান্য জ্বালানির চাহিদা বাড়ছে। প্রয়োজনীয় জ্বালানি সঠিক সময়ে সরবরাহের উদ্যোগ অব্যাহত রয়েছে।
প্রতিমন্ত্রী কাতার সরকারকে ধন্যবাদ জানিয়ে বলেন, বাংলাদেশ ও কাতারের মধ্যকার এই জ্বালানি মৈত্রী, দুই দেশের বিরাজমান বন্ধুত্বে এক নতুন মাত্রা যোগ করলো। পৃথিবীজুড়ে জ্বালানি অস্থিরতার এই সময়ে দীর্ঘমেয়াদী চুক্তিটি নিঃসন্দেহে বাংলাদেশের জন্য অত্যন্ত স্বস্তিদায়ক অর্জন। তিনি বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কূটনৈতিক দক্ষতার জন্যই দ্রুত এই দীর্ঘমেয়াদি এলএনজি চুক্তি স্বাক্ষর করা সম্ভব হয়েছে।
কাতারে জ্বালানি প্রতিমন্ত্রী সাদ বিন সেরিদা আল কাবি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বলেছেন, বাংলাদেশে বৃহত্তম এলএনজি সরবরাহকারী দেশ হতে পেরে আমরা গৌরাম্বিত। বার্ষিক ৩ দশমিক ৫ মিলিয়ন টন এলএনজি সরবরাহ বাংলাদেশের আর্থ-সামাজিক অবস্থাসহ সার্বিক উন্নয়নে অবদান রাখবে।
মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই চুক্তি ১৫ বছর (২০২৬ সাল থেকে ২০৪০) মেয়াদী। ২০২৬ সালে ১২ কার্গো এলএলজি (অতিরিক্ত ১২ কার্গো অপশনসহ) এবং ২০২৭ সালে ২৪ কার্গো এলএনজি বাংলাদেশে আসবে।
প্রসঙ্গত, কাতারে রাস গ্যাস এর সঙ্গে প্রথম চুক্তি হয়েছিল ২০১৭ সালের ২৫ সেপ্টেম্বর। ১৫ বছর মেয়াদি চুক্তিটি ছিল ২০১৮ সাল হতে ২০৩৩ সাল পর্যন্ত। উভয় চুক্তিই কাতারের সঙ্গে জি টু জি প্রক্রিয়ায় করা হয়েছে।
এ সময় অন্যান্যের মাঝে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার উপস্থিত ছিলেন।