বকেয়া আদায় ও অবৈধ সংযোগ বিচ্ছিন্ন অভিযানে রাজধানীতে ৬৩টি সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি।
মঙ্গলবার (৬ জুন) তিতাস জানায়, মেট্রো ঢাকা বিপণন ও রাজস্ব বিভাগ-১ এর অধিভুক্ত এলাকায় বকেয়া আদায় এবং অবৈধ সংযোগ বিচ্ছিন্নকরণ সংক্রান্ত বিশেষ অভিযানে ২৪টি টিম অংশ নেয়। বিশেষ এই অভিযানে রাজধানীর দনিয়া, যাত্রাবাড়ী, মেরাজনগর, কুতুবখালী, মীরহাজিরবাগ, জুরাইন, মুরাদপুর, শেখদী, কদমতলী এবং ধোলাইপাড় এলাকায় মোট ৬৩টি সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস। এরমধ্যে বকেয়ার কারণে ৫৭টি এবং অবৈধ কার্যকলাপের জন্য ৬টি সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। তাৎক্ষণিক নগদ আদায় হয় প্রায় ২০ লাখ টাকা।
অভিযানের বিষয়ে তিতাসের মহাব্যবস্থাপক রশিদুল আলম জানান, প্রতি সপ্তাহে আমাদের এই অভিযান অব্যাহত আছে, থাকবে।