রাজধানীতে ৪৮টি গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস

অবৈধ সংযোগ ব্যবহার এবং বকেয়া বিল পরিশোধ না করার অভিযোগে রাজধানীতে ৪৮টি গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। সোমবার (১৯ জুন) এক অভিযানে এসব গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

তিতাস জানায়, মেট্রো ঢাকা বিপণন ও রাজস্ব বিভাগ-৫-এর অধিভুক্ত এলাকায় (ঢাকা উদ্যান, তুরাগ হাউজিং, একতা হাউজিং, নবীনগর হাউজিং, চন্দ্রিমা হাউজিং, নবোদয় এবং চান মিয়া হাউজিং) বকেয়া আদায় এবং অবৈধ সংযোগ বিচ্ছিন্নকরণ সংক্রান্ত বিশেষ অভিযান চালানো হয়েছে। অভিযানে মেট্রো ঢাকার (উত্তর ও দক্ষিণ) বিভিন্ন বিভাগ থেকে আগত ১৪টি টিম অংশগ্রহণ করে। এ সময় ৪৮টি সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এরমধ্যে বকেয়ার কারণে ২২টি এবং অবৈধ কার্যকলাপের জন্য ২৬টি সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

তিতাসের মহাব্যবস্থাপক রশিদুল আলম জানান, এই অভিযান অব্যাহত থাকবে।