প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেছেন, আমরা শুধু এলএনজি আমদানির ওপর নির্ভর করছি না। পাশাপাশি দেশীয় গ্যাস অনুসন্ধান ও পুরনো গ্যাসক্ষেত্রে উৎপাদন বৃদ্ধিতে জোর দিচ্ছি।
সোমবার (১৯ জুন) ঢাকার সোনারগাঁও হোটেলে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, আমরা গভীর সাগরে তেল-গ্যাস অনুসন্ধানের উদ্যোগ নিয়েছি। এজন্য উৎপাদন বণ্টন চুক্তি (পিএসসি) চূড়ান্ত করা হয়েছে। এবার আমরা সর্বোচ্চ সুবিধা দিয়েই এই পিএসসি করেছি। আগ্রহী বিদেশি প্রতিষ্ঠানগুলো এখন দ্রুত সাড়া দেবে বলে আমরা আশা করছি।
উপদেষ্টা এক প্রশ্নের জবাবে বলেন, বন্ধ হয়ে যাওয়া গ্যাস ফিল্ডগুলো রিজার্ভার হিসেবে ব্যবহারের বিষয়ে ভাবা হচ্ছে। যদি হয় তাহলে যখন কম দাম থাকবে সে সময়ে আমদানি করে মজুত করা হবে।
অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের বলেন, স্পট মার্কেট (আন্তর্জাতিক খোলাবাজার) স্বাভাবিক থাকলে এলএনজির এমন সংকট আর হবে না। আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম কমলেও তা আমাদের জন্য এখনও সহনীয় পর্যায়ে আসেনি। কতদিন পর্যন্ত এটি স্থায়ী হয় তা পর্যবেক্ষণ করা হচ্ছে। যদি স্থায়ী হয় তাহলে জ্বালানির দাম সমন্বয় করার চিন্তা করা হবে।