আসছে ঈদুল আজহা উপলক্ষে মোট ১৩ দিন ২৪ ঘণ্টা সিএনজি স্টেশন খোলা থাকবে।
আজ বৃহস্পতিবার (২২ জুন) জ্বালানি বিভাগের এক নির্দেশনায় এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
জানা যায়, ঈদের দিন থেকে আগের ৫ দিন এবং পরের ৭ দিন মোট ১৩ দিনই ২৪ ঘণ্টা সিনএনজি ফিলিং স্টেশন খোলা থাকবে।
উপসচিব শেখ মোহাম্মদ বেলায়েত হোসেনের সই করা এই নির্দেশনায় বলা হয়, ঈদুল আজহা উদযাপন উপলক্ষে সিএনজি ফিলিং স্টেশন সার্বক্ষণিক খোলা থাকবে। মহাসড়কে যাত্রীদের যাতায়তে যানবাহন চলাচল স্বাভাবিক রাখার জন্য গ্যাসের সুবিধার্থে সিএনজি স্টেশন ২৪ ঘণ্টা খোলা রাখা হচ্ছে।
প্রসঙ্গত, গ্যাস সংকটের কারণে গত ১ মার্চ থেকে সন্ধ্যা ৬টা হতে রাত ১১টা পর্যন্ত দৈনিক ৫ ঘণ্টা স্টেশনগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল সরকার।