ডেসকোর চেয়ারম্যান এবং বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব মো. নিজাম উদ্দিন বলেছেন, ডেসকোর সকল কর্মকর্তাকে জনগণকে সেবাদানে আরও আন্তরিক হতে হবে। মনে রাখতে হবে, আপনারা জনগণের সেবা দিতে চাকরিরত। ডেসকোর সকল কর্মকর্তাকে নিজ নিজ অবস্থানে আরও দক্ষ হতে হবে।
বৃহস্পতিবার (২৭ জুলাই) ডেসকো কার্যালয়ে ব্রিগেডিয়ার সাবিহ উদ্দিন আহমেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত গ্রাহক সেবার মান বৃদ্ধিতে অনুষ্ঠিত এক বিশেষ সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডেসকো এই তথ্য জানায়।
নিজাম উদ্দিন বলেন, নিজ নিজ অফিস পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। সহকর্মীর প্রতি সৌহার্দ্যপূর্ণ আচরণ করতে হবে। আপনারা জরুরি সেবাদানে নিয়োজিত। তাই ২৪ ঘণ্টা আপনাদের সজাগ থাকতে হবে। আমাদের সাবস্টেশনগুলোর দিকে বাড়তি নজরদারি রাখতে হবে। সকলকে ২৪ ঘণ্টা মোবাইল ফোন সচল রাখতে হবে এবং কল রিসিভ করতে হবে। সবাইকে ইতিবাচক মনোভাব প্রদর্শন করতে হবে বলে নির্দেশনা দেন।
অনুষ্ঠানে ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক কাওসার আমীর আলী বলেন, 'গ্রাহকের জন্য আমাদের চাকরি। ডেসকো কোম্পানি হিসেবে গঠনের উদ্দেশ্য ছিল গ্রাহক সেবার মান উন্নয়ন। কাস্টমারকে যেন সেবা নিতে অফিসে আসতে না হয়। ঘরে বসে যেন সেবা পান তা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। স্মার্ট বাংলাদেশে সবকিছুই স্মার্টলি করতে হবে। নতুন নতুন প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সবাইকে দক্ষতার সঙ্গে কাজ করার সক্ষমতা অর্জন করতে হবে।'
সভায় আরও উপস্থিত ছিলেন ডেসকো'র নির্বাহী পরিচালক (প্রশাসন) খন্দকার জহিরুল ইসলাম, ডেসকো'র নির্বাহী পরিচালকরা, নির্বাহী প্রকৌশলীরা ও ডেসকো'র ঊর্ধ্বতন কর্মকর্তারা।