২২৮ কোটি টাকায় কেনা হবে ৭৩ হাজার বৈদ্যুতিক পোল

সরকার ৭২ হাজার ৮৯৭টি এসপিসি (কনক্রিটের ঢালাই দেওয়া পিলার) বৈদ্যুতিক পোল কেনার সিদ্ধান্ত নিয়েছে। এ জন্য সরকারের মোট ব্যয় হবে ২২৭ কোটি ৯৪ লাখ ৭০ হাজার ১৯৩ টাকা। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বাপবিবো)-খুলনা বিভাগের বৈদ্যুতিক বিতরণ ব্যবস্থার আধুনিকায়ন ও ক্ষমতা বাড়াতে এসব পোল কেনা হবে।

বুধবার (৩১ জুলাই) সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত তিনটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠক সূত্রে এসব তথ্য জানা গেছে।

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আওতায় ৯টি পল্লী বিদ্যুৎ সমিতির (বাগেরহাট, যশোর-১, যশোর-২, ঝিনাইদহ, খুলনা, কুষ্টিয়া, মাগুরা, মেহেরপুর ও সাতক্ষীরা) এলাকায় পল্লী বিদ্যুতায়ন নেটওয়ার্কের আধুনিকায়ন ও ক্ষমতাবর্ধন, ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা মেটানো, নিরবচ্ছিন্ন ও গুণগত মানসম্পন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার জন্য একটি প্রকল্প নেওয়া হয়েছে।

জানা গেছে, বাংলাদেশ সরকার, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) ও সংস্থার নিজস্ব অর্থায়নে মোট ৩ হাজার ৭৬ কোটি ২২ লাখ ৫০ হাজার টাকা প্রাক্কলিত ব্যয়ের প্রকল্পটি ২০২১ সালের ৪ মে তারিখে একনেক সভায় অনুমোদিত হয়। প্রকল্পটির নির্ধারিত মেয়াদ ২০২১ সালের ৩০ জুন থেকে ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত।