স্তুতির সংস্কৃতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, ‘দুর্নীতির দুষ্টচক্র থেকে বেরোতে হবে। এখন থেকে রিয়েল ইন্ডিকেটর দিয়ে পারফরম্যান্স মাপা হবে। পরিসংখ্যান দিয়ে মূল্যায়ন হবে না, মূল্যায়ন হবে গ্রাহক সেবা ও সন্তুষ্টির ভিত্তিতে।’
রবিবার (১৮ আগস্ট) মন্ত্রণালয়ের সভাকক্ষে বিদ্যুৎ ও জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের কর্মকর্তা ও মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দফতর প্রধানদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, ‘আমাদের চিন্তা-চেতনায় পরিবর্তন করতে হবে। নতুন প্রজন্মের নতুন ধরনের আইডিয়া নিয়ে আমাদের কাজ করতে হবে।’
মহান মুক্তিযুদ্ধে শহীদদের ও ছাত্র আন্দোলনে সহিংসতায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে উপদেষ্টা বলেন, ‘উন্নয়নের গল্প-কাহিনি যদি সত্য হতো, তবে কি মানুষ রাস্তায় নেমে আসতো? বাইরের মানুষ আমাদের নিয়ে কী ভাবে, তা আমাদের উপলব্ধি করতে হবে এবং সেই অনুযায়ী আমাদের কাজ করতে হবে। অতিরিক্ত যেকোনও ব্যয় বন্ধ করে মিতব্যয়ী নীতি গ্রহণ করতে হবে কিন্তু কাজ কমানো যাবে না। কম অর্থে বেশি কাজ করতে হবে। ভ্যালু ফর মানি হতে হবে।’
এ সময় তিনি টেন্ডারিংয়ের ক্ষেত্রে উন্মুক্ত পদ্ধতির মাধ্যমে স্বচ্ছতা নিশ্চিত করার নির্দেশনাও দেন।
মতবিনিময় সভায় বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব এবং বিভিন্ন দফতরের প্রধানরা উপস্থিত ছিলেন।