ভারতে আইন সংশোধনের প্রভাব পড়ছে না, বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক আছে: আদানি

ভারতের বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান আদানি পাওয়ার লিমিটেড জানিয়েছে, সম্প্রতি ভারতে জ্বালানি আইন সংশোধনের কারণে বাংলাদেশে তাদের বিদ্যুৎ সরবরাহ চুক্তিতে কোনও প্রভাব পড়ছে না। চুক্তি অনুযায়ী নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে আদানি প্রতিশ্রুতিবদ্ধ। প্রায় ৮০ কোটি ডলার বকেয়া থাকা সত্ত্বেও বিদ্যুৎ দিয়ে যাচ্ছে আদানি। আদানি পাওয়ারের বাংলাদেশে জনসংযোগ প্রতিষ্ঠান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এতে বলা হয়, দুই ইউনিটের মাধ্যমে পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ উৎপাদনে ফিরেছে আদানি পাওয়ার। কারিগরি ত্রুটির কারণে গত ১৩ আগস্ট দ্বিতীয় ইউনিট বন্ধ হয়ে যায়। ফলে এতদিন প্রথম ইউনিটের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করে যাচ্ছিল আদানি। সোমবার (২৬ আগস্ট) বাংলাদেশ সময় রাত ১০টা ১০ মিনিটে দ্বিতীয় ইউনিটও উৎপাদনে ফিরে।

আজ মঙ্গলবার (২৭ আগস্ট) সকাল ৮টায় প্রথম ইউনিট থেকে ৫১৩ দশমিক ৩২ মেগাওয়াট এবং দ্বিতীয় ইউনিট থেকে ৬৬৮ দশমিক ৫৭ মেগাওয়াট এবং দুপুর ১টা নাগাদ প্রথম ইউনিট থেকে ৫৯৩ দশমিক ৩৫ মেগাওয়াট ও দ্বিতীয় ইউনিট থেকে ৭৬৩ দশমিক ৯৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন রেকর্ড করা হয়েছে।

প্রসঙ্গত, এতদিন আদানির এক ইউনিট বন্ধ থাকলেও বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড (বিপিডিবি) ও পাওয়ার গ্রিড কোম্পানি বাংলাদেশের (পিজিসিবি) সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছিল কোম্পানিটি।

সম্প্রতি এক বিবৃতির মাধ্যমে আদানি অপ্রত্যাশিত কারিগরি ত্রুটির জন্য দুঃখ প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি জানায়, আদানির মতো যেকোনও দেশীয় ও আন্তর্জাতিক কোম্পানির পাওয়ার প্লান্ট চালানোর ক্ষেত্রে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে। আমরা দ্রুত এ সমস্যা সমাধানে কাজ করে যাচ্ছি। আশা করি শিগগিরই পুরোদমে বিদ্যুৎ উৎপাদনে ফিরতে পারবো। এরপরই আজ সকাল থেকে বাংলাদেশে দুই ইউনিটের মাধ্যমে বিদ্যুৎ দেওয়া শুরু হয়।