উড়োজাহাজে ব্যবহৃত জ্বালানি তেল জেট ফুয়েলের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। প্রতি লিটার জেট ফুয়েলের দাম বাড়ানো হয়েছে প্রায় ৯০ টাকা। মঙ্গলবার (২৪ মার্চ) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি হয়েছে।
আজ মধ্যরাত থেকে নতুন দাম কার্যকর হবে বলে ওই প্রজ্ঞাপনে জানানো হয়।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দেশের ভেতরে ফ্লাইট পরিচালনার জন্য প্রতি লিটার জেট ফুয়েল বিক্রি হবে ২০২ টাকা ২৯ পয়সায়। এর আগে এ জ্বালানি বিক্রি হতো ১১২ টাকা ৪১ পয়সা করে। লিটার প্রতি দাম বাড়ল ৮৯ টাকা ৮৮ পয়সা, যা শতাংশের হিসেবে প্রায় ৮০ শতাংশ বৃদ্ধি।
অন্যদিকে, আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রেও জ্বালানির দাম উল্লেখযোগ্য হারে বাড়ানো হয়েছে। প্রতি লিটার জেট ফুয়েলের মূল্য শূন্য দশমিক ৭৩৮৪ মার্কিন ডলার থেকে বাড়িয়ে এক দশমিক ৩২১৬ ডলার নির্ধারণ করা হয়েছে। এ ক্ষেত্রে বৃদ্ধির হার প্রায় ৭৯ শতাংশ।
বিইআরসি জানিয়েছে, বিদ্যমান বাজার পরিস্থিতি, আমদানি ব্যয় এবং আন্তর্জাতিক জ্বালানি বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে এ মূল্য সমন্বয় করা হয়েছে। আগামী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নতুন এ দাম বহাল থাকবে।