সন্ধ্যা ৭টার মধ্যে শপিং মল বন্ধের নির্দেশনা মানছেন না অনেকেই

সরকারি নির্দেশনা অনুযায়ী দেশের দোকানপাট ও শপিং মল সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করার কথা থাকলেও রবিবার (৫ এপ্রিল) সন্ধ্যায় বিভিন্ন জায়গায় এ নিয়ম সঠিকভাবে মানা হচ্ছে না। কেউ কেউ খোলা রাখছেন, আবার কেউ নিজের মতো বন্ধ করছেন।

পল্টনে সরেজমিন দেখা গেছে, একদিকে চায়না মার্কেট বন্ধ থাকলে, বিপরীত পাশে পলওয়েল মার্কেটও বন্ধ। অন্যদিকে বসুন্ধরা শপিং সেন্টার বন্ধ থাকলেও পাশের ফার্নিচারের দোকানগুলো আলোতে ঝলমল করছে।

দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত আগেই জানিয়েছিলেন, দোকানপাট ও শপিং মল মালিকদের অনুরোধের পরিপ্রেক্ষিতে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছে। তিনি সতর্ক করেছেন, জরুরি সেবা ছাড়া অন্য সব দোকানকে সরকারি নির্দেশনা মেনে সময়মতো বন্ধ এবং নিজ কর্মস্থল ও বাসায় বিদ্যুৎ সাশ্রয় করতে হবে।

সরকার জানিয়েছে, যারা নির্দেশনা অমান্য করবে তাদের বিরুদ্ধে প্রয়োজনে ব্যবস্থা নেওয়া হতে পারে, যাতে জ্বালানি সাশ্রয়ের লক্ষ্য কার্যকরভাবে বাস্তবায়িত হয়।

এর আগে মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে সৃষ্ট জ্বালানি সংকটের প্রেক্ষাপটে মন্ত্রিসভা গত বৃহস্পতিবার (২ এপ্রিল) সন্ধ্যা ৬টার মধ্যে সব দোকানপাট ও শপিং মল বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল।