জ্বালানি তেলের পর এবার বাড়ানো হয়েছে এলপিজির দাম। ১২ কেজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বাড়িয়ে ১ হাজার ৯৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। চলতি মাসে দুই দফায় ১২ কেজি সিলিন্ডারের দাম বাড়ানো হলো মোট ৫৯৯ টাকা।
রবিবার (১৯ এপ্রিল) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নতুন দাম ঘোষণা করে। এই দাম আজ সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।
বিইআরসি প্রতি মাসে দাম নির্ধারণের নিয়ম অনুযায়ী গত ২ এপ্রিল চলতি মাসের জন্য নতুন দামের ঘোষণা দেয়। সে সময় ১২ কেজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ করা হয় ১ হাজার ৭২৮ টাকা; যা আগের মাসের তুলনায় ৩৮৭ টাকা বেশি।
এদিকে, এলপিজির এই মূল্যবৃদ্ধির আগেই জ্বালানি তেলের দামও বাড়ানো হয়েছে। গত রাত থেকেই নতুন দরে তেল বিক্রি শুরু হয়েছে; যা পরিবহনসহ বিভিন্ন খাতে ব্যয় বাড়ার আশঙ্কা তৈরি করেছে।
বর্তমানে প্রতিকেজি এলপিজির দাম নির্ধারণ করা হয়েছে ১৬১ টাকা ৬৬ পয়সা এবং অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৮৯ দশমিক ৯০ টাকা। একই অনুপাতে অন্যান্য ওজনের সিলিন্ডারের দামও বাড়ানো হয়েছে।
বিইআরসি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে মূল্য বৃদ্ধি এবং সরবরাহে জটিলতার কারণে এই সমন্বয় করা হয়েছে। মধ্যপ্রাচ্যের সংঘাত এবং হরমুজ প্রণালি ঘিরে অনিশ্চয়তার ফলে পরিবহন ব্যয়, বিমা ও নিরাপত্তা খরচ বেড়েছে; যার প্রভাব পড়ছে দেশীয় বাজারে। বেসরকারি খাতে দাম বাড়লেও সরকারি এলপিজির মূল্য অপরিবর্তিত রয়েছে।
এদিকে জ্বালানি খাতে এই ধারাবাহিক দাম সমন্বয়ের পর বিদ্যুতের দাম বাড়ানোর বিষয়েও আলোচনা শুরু হয়েছে। ইতোমধ্যে পিডিবি থেকে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব দেবে বলে জানা যায়। এতে সামনের দিনে সামগ্রিক ব্যয় আরও বাড়ার শঙ্কা দেখা দিয়েছে।
এর আগে, মার্চ মাসে ১২ কেজি এলপি গ্যাস সিলিন্ডারের দাম ১ হাজার ৩৪১ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছিল।