সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে আন্তর্জাতিক দরপত্র আহ্বান

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করেছে সরকার। গভীর সমুদ্রের ১৫টি এবং অগভীর সমুদ্রের ১১টি ব্লকের জন্য আগামী ৩০ নভেম্বর পর্যন্ত দরপত্র জমা দেওয়া যাবে।

শনিবার (২৩ মে) দুপুরে পেট্রোবাংলার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সফল দরদাতাদের সঙ্গে বাংলাদেশ অফশোর মডেল প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্ট (এমপিএসসি) ২০২৬ অনুযায়ী চুক্তি স্বাক্ষর করা হবে। কোম্পানিগুলো এককভাবে কিংবা যৌথ উদ্যোগে এক বা একাধিক ব্লকের জন্য দরপত্র জমা দিতে পারবে।

পেট্রোবাংলা জানায়, দেশীয় বিভিন্ন পত্রিকার পাশাপাশি বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসগুলোতেও এ সংক্রান্ত নোটিশ দেওয়া হবে। এছাড়া বহুজাতিক কোম্পানিগুলোকে ই-মেইলের মাধ্যমে জানানো হবে। তবে বিডিং রাউন্ড-২০২৪ এর মতো এবার বিদেশি কোনও পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হচ্ছে না।

পেট্রোবাংলা আরও জানিয়েছে, আগ্রহী কোম্পানিগুলোর জন্য আগামী ১ জুন থেকে তথ্য প্যাকেজ বিক্রি শুরু হবে। এর মূল্য নির্ধারণ করা হয়েছে ১০০ মার্কিন ডলার। এছাড়া বিডিং ডকুমেন্টসহ প্রমোশনাল প্যাকেজ কিনতে হবে ৭ হাজার মার্কিন ডলারে, যা বিডিংয়ে অংশগ্রহণের জন্য বাধ্যতামূলক।

দরপত্র জমা দেওয়ার শেষ সময় আগামী ৩০ নভেম্বর দুপুর ১টা পর্যন্ত। একই দিন দুপুর ২টায় পেট্রোবাংলার কার্যালয়ে দরপত্র খোলা হবে।

এর আগে ২০২৪ সালে সর্বশেষ দরপত্র আহ্বান করা হলেও কোনও প্রতিষ্ঠানই প্রস্তাব জমা দেয়নি। ফলে বিডিং রাউন্ড-২০২৪ পরিত্যক্ত ঘোষণা করা হয়। মডেল পিএসসি-২০২৩ এর আওতায় ২০২৪ সালের মার্চে দরপত্র আহ্বান করা হয়েছিল। সে সময় মার্কিন কোম্পানি এক্সোন মবিলসহ সাতটি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কোম্পানি দরপত্র কিনেছিল এবং দুটি কোম্পানি পেট্রোবাংলা থেকে ডাটা সংগ্রহ করে। তবে রাজনৈতিক পরিস্থিতিসহ নানা কারণে তারা শেষ পর্যন্ত দরপত্র জমা দেওয়া থেকে বিরত থাকে।

এ পরিস্থিতির কারণ অনুসন্ধানে অন্তর্বর্তীকালীন সরকার একটি কমিটি গঠন করে। কমিটির সুপারিশের ভিত্তিতে গভীর সমুদ্র থেকে স্থলভাগ পর্যন্ত পাইপলাইন নির্মাণ ব্যয়, ডব্লিউপিপিএফ ৫ শতাংশ থেকে কমিয়ে ১ দশমিক ৫ শতাংশ নির্ধারণসহ বেশ কিছু সংশোধনী আনা হয়েছে।

এর আগে মডেল পিএসসি-২০১৯ এর তুলনায় গ্যাসের দাম বৃদ্ধি ও বিভিন্ন সুবিধা যুক্ত করে পিএসসি-২০২৩ চূড়ান্ত করা হয়। সেখানে প্রতি হাজার ঘনফুট গ্যাসের দাম ব্রেন্ট ক্রুডের ১০ শতাংশ সমপরিমাণ নির্ধারণ করা হয়েছে। অথচ আগের পিএসসিতে অগভীর ও গভীর সমুদ্রে গ্যাসের দাম যথাক্রমে ৫ দশমিক ৬ ডলার এবং ৭ দশমিক ২৫ ডলার নির্ধারিত ছিল।

আন্তর্জাতিক আদালতে ২০১২ সালে মিয়ানমার এবং ২০১৪ সালে ভারতের সঙ্গে সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তির পর বাংলাদেশ ১ লাখ ১৮ হাজার ৮১৩ বর্গকিলোমিটারের বেশি সমুদ্র অঞ্চলের ওপর মালিকানা প্রতিষ্ঠা করে। বর্তমানে বাংলাদেশের গভীর সমুদ্রে ১৫টি এবং অগভীর সমুদ্রে ১১টি ব্লক রয়েছে।