৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম

বিদ্যুতের প্রান্তিক গ্রাহকদের জন্য ঘোষিত বাড়তি দাম প্রত্যাহার করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ফলে আবাসিক গ্রাহকশ্রেণির লাইফলাইন (০-৫০ ইউনিট) এবং প্রথম ধাপের (০-৭৫ ইউনিট) গ্রাহকদের বিদ্যুতের দাম আর বাড়ছে না। এ দুই শ্রেণির গ্রাহক আগের দামেই বিদ্যুৎ ব্যবহার করতে পারবেন।

বৃহস্পতিবার (৪ জুন) বিইআরসি এ সিদ্ধান্তের কথা জানায়। কমিশন বলেছে, বিদ্যুৎ বিতরণ সংস্থা ও কোম্পানিগুলোর আবেদনের পরিপ্রেক্ষিতে দাম পুনর্বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বিইআরসি জানিয়েছে, বিতরণ কোম্পানিগুলোর আবেদনের পরিপ্রেক্ষিতে এ দুই শ্রেণির গ্রাহকের ক্ষেত্রে বর্ধিত বিদ্যুৎ দর কার্যকর না করে আগের মূল্যহার বহাল রাখা হয়েছে। এর ফলে বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলোর আয় কমবে, যা সরকারকে অতিরিক্ত ভর্তুকি দিয়ে সমন্বয় করতে হবে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, লাইফলাইন গ্রাহকদের জন্য প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৪ টাকা ৬৩ পয়সা এবং ০-৭৫ ইউনিট পর্যন্ত ব্যবহারকারীদের জন্য প্রতি ইউনিট ৫ টাকা ২৬ পয়সাই বহাল থাকবে। এর আগে ঘোষিত ৫ টাকা ৩২ পয়সা ও ৬ টাকা ১৮ পয়সা কার্যকর হবে না।

তবে অন্যান্য সব শ্রেণির গ্রাহকদের ক্ষেত্রে ৩ জুন ঘোষিত নতুন দামই বহাল থাকবে বলে জানিয়েছে কমিশন।

এর আগে বিদ্যুতের দাম বৃদ্ধির একদিনের মাথায় লাইফলাইন ও প্রথম ধাপের আবাসিক গ্রাহকদের জন্য পুরোনো দাম বহাল রাখার আবেদন করে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)।

প্রসঙ্গত, ৩ জুন বিইআরসি পাইকারি ও খুচরা পর্যায়ে বিদ্যুতের নতুন দাম ঘোষণা করে। সে সময় লাইফলাইন গ্রাহকদের প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৪ টাকা ৬৩ পয়সা থেকে বাড়িয়ে ৫ টাকা ৩২ পয়সা এবং প্রথম ধাপের ৭৫ ইউনিট পর্যন্ত ব্যবহারকারীদের জন্য ৫ টাকা ২৬ পয়সা থেকে বাড়িয়ে ৬ টাকা ১৮ পয়সা নির্ধারণ করা হয়েছিল। নতুন দাম ১ জুন থেকে কার্যকর করার কথা ছিল।

মূল্যবৃদ্ধির ঘোষণার পর নিম্ন আয়ের ও প্রান্তিক গ্রাহকদের ওপর বাড়তি চাপের বিষয়টি সামনে আসে। এর পরিপ্রেক্ষিতে বিতরণ কোম্পানিগুলোর আবেদনের ভিত্তিতে কমিশন একদিনের মধ্যেই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে এই দুই শ্রেণির গ্রাহকদের জন্য আগের দাম বহাল রাখে।