বিদ্যুৎ উৎপাদন কমেছে ৩ হাজার মেগাওয়াট, সংকট থাকবে আরও দু’দিন: মন্ত্রী

কারিগরি ত্রুটি এবং বঙ্গোপসাগরের উত্তাল আবহাওয়ার কারণে কয়লা খালাসে বিঘ্ন সৃষ্টি হওয়ায় জাতীয় গ্রিডে প্রায় ৩ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কমেছে। এর ফলে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় লোডশেডিং দিতে হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী।

রবিবার (২৮ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ১৭তম দিনে জাতীয় সংসদের কার্যপ্রণালীর ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, একটি বিদ্যুৎকেন্দ্রের বয়লারের টিউবে লিকেজ দেখা দেওয়ায় কেন্দ্রটি জরুরি ভিত্তিতে বন্ধ (ফোর্সড শাটডাউন) করতে হয়েছে। অন্যদিকে, বঙ্গোপসাগরের উত্তাল আবহাওয়ার কারণে একটি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে কয়লা খালাস করা সম্ভব হচ্ছে না। ফলে ওই কেন্দ্রের একটি ইউনিটও বন্ধ রয়েছে।

তিনি বলেন, এই দুই কারণে জাতীয় গ্রিডে প্রায় ৩ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কমে গেছে। এর প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় লোডশেডিং দিতে হচ্ছে এবং ঢাকাতেও লোডশেডিং করতে হবে।

মন্ত্রী জানান, এ পরিস্থিতি নিয়ে তিনি বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে আলোচনা করেছেন। বিষয়টিকে একটি জাতীয় সংকট উল্লেখ করে তিনি সংসদের সব সদস্য এবং দেশের জনগণের প্রতি ধৈর্য ধরার ও সম্মিলিতভাবে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানান।

তিনি আশা প্রকাশ করেন, আগামী দুই দিনের মধ্যে পরিস্থিতির উন্নতি হবে। বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক হলে লোডশেডিংয়ের মাত্রাও কমে আসবে।

এ সময় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল মন্ত্রীর দেওয়া বিবৃতিটি বিধি-৩০০ অনুযায়ী সংসদের কার্যবিবরণীতে অন্তর্ভুক্ত করার নির্দেশ দেন।