বাংলাদেশের টেকসই জ্বালানি উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার প্রসারে ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি ডেসকো, আরকাইভস ও গ্রন্থাগার অধিদফতর এবং ফাইবার অ্যাট হোম-এর মধ্যে ত্রিপক্ষীয় চুক্তি সই হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) আরকাইভস ও গ্রন্থাগার অধিদফতরের কনফারেন্স রুমে এ চুক্তি অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমিন বেগম। তিনি বলেন, ‘আগামী গ্রিষ্মে বিদ্যুতের ঘাটতি মোকাবিলায় রুফটপ সোলার স্থাপনের মাধ্যমে ফেব্রুয়ারি ২০২৭-এর মধ্যে জাতীয় গ্রিডে ৩ হাজার থেকে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত করার লক্ষ্যে সরকার বিশেষ কার্যক্রম হাতে নিয়েছে। এ লক্ষ্যে মন্ত্রিপরিষদ বিভাগ হতে সম্প্রতি সকল সরকারি দফতরে সৌরবিদ্যুতের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে। ২০২৭ সালে ২৮ ফেব্রুয়ারির মধ্যে রুফটপ সোলার স্থাপনকে উৎসাহিত করার লক্ষ্যে এই সময়ের মধ্যে স্থাপিত রুফটপ সোলার সিস্টেম হতে বিদ্যুৎ কেনার জন্য সরকার বিশেষ প্রণোদনা ঘোষণা করেছে। এর আওতায় গ্রাহক তার ছাদে স্থাপিত সোলার সিস্টেম হতে উৎপাদিত বিদ্যুৎ দিয়ে নিজের চাহিদা পূরনের পর অতিরিক্ত বিদ্যুৎ গ্রিড সরবরাহ করলে তা প্রতি ইউনিট ১০ টাকা ৫০ পয়সা হারে সরকার ক্রয় করে নেবে। সোলার সিস্টেম স্থাপনের ব্যয় কমিয়ে আনার জন্য ১ সেপ্টেম্বর হতে শুরু করে পরবর্তী ১৮০ দিনের জন্য সোলার সিস্টেম সংশ্লিষ্ট সকল যন্ত্রাংশের আমদানি শুল্ক ১ ভাগ নির্ধারণ করা হয়েছে। জাতীয় গ্রন্থাগার ভবনের ছাদে এই সময়ের মধ্যে সোলার সিস্টেম স্থাপনের মাধ্যমে আমরাও সরকারের এই বিশেষ কার্যক্রমে অংশ নিচ্ছি। এছাড়া যে প্রতিষ্ঠান ইনভেস্টমেন্টের মাধ্যমে এই উদ্যোগে এগিয়ে আসছেন তারা কোনোক্রমে যেন হতাশ না হন সেদিকে বিদ্যুৎ বিভাগ এবং স্থাপনা কর্তৃপক্ষকে সর্বোচ্চ সজাগ থাকতে হবে। সরকারের নির্বাচনি ইশতেহার সবার আগে বাংলাদেশ আমাদেরকেই বাস্তবায়ন করতে হবে।’
ডেসকো জানায়, রুফটপ সোলার কর্মসূচির আওতায় ডেসকো ১২ দশমিক ৫ মেগাওয়াট রুফটপ সোলার প্রকল্পের অধীন আর্কাইভস ও গ্রন্থাগার অধিদফতরের ছাদে ৩০০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। অনুষ্ঠানে ঢাকা ইলেক্ট্রিসিটি সাপ্লাই পিএলসি’র পক্ষ থেকে সই করেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী গাজী শাহরিয়ার পারভেজ, আর্কাইভ গ্রন্থাগার অধিদফতরের পক্ষ থেকে ফারজানা সুলতানা পরিচালক (যুগ্মসচিব) এবং ফাইবার অ্যাট হোম-এর পক্ষ থেকে প্রকল্প পরিচালক শাহজামান হোসেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্য উপস্থিত ছিলেন বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব মো. সবুর হোসেন, ডেসকো’র ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামীম আহমেদ, ফাইবার অ্যাট হোম লিমিটেডের চেয়ারম্যান মঈনুল হক সিদ্দিকী, আরকাইভস ও গ্রন্থাগার অধিদফতরের মহাপরিচালক খন্দকার জহিরুল ইসলামসহ সংশ্লিষ্ট কোম্পানির কর্মকর্তারা।